ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মাগুরার শ্রীপুরের রাতের আধারে কৃষকের ৪ শতাধিক কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নিজস্ব সংবাদদাতা,মাগুরা

প্রকাশিত: ১৮:০১, ৩ মার্চ ২০২৬

মাগুরার শ্রীপুরের রাতের আধারে কৃষকের ৪ শতাধিক কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মাগুরার শ্রীপুর উপজেলার বাটিয়াখালী ও দেবীনগরসহ কয়েকটি গ্রামে রাতের আঁধারে চার শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত দুই দিন ধরে চলা এই ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ওই গ্রামগুলোতে পাহারার ব্যবস্থা করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাটিয়াখালী ও দেবীনগর গ্রামের দেড় একর জমির প্রায় চার শতাধিক কলাগাছ রাতের আঁধারে কে বা কারা কেটে ফেলেছে। সকালে কৃষকরা মাঠে গিয়ে দেখেন, ফলন আসা (ধরন্ত) কলাগাছগুলো মাটিতে কাটা অবস্থায় পড়ে আছে। দুর্বৃত্তরা শুধু কলাগাছই নয়, সাথী ফসল হিসেবে লাগানো পেঁপে ও সূর্যমুখী গাছও কেটে সাবাড় করেছে।

ভুক্তভোগী কৃষকরা জানান, এই নিষ্ঠুর ঘটনায় তারা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারা এই কাজ করেছে তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনার পর থেকে গ্রামবাসীর মধ্যে উৎকণ্ঠা কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

এব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহীন মিয়া জানান, এব্যাপরে থানায় কেউ অভিযোগ করেনি। তবে পুলিশের পক্ষথেকে একটা জিডি করা হয়েছে। কারা কৃষকদের ফসলের এমন ক্ষতি করছে তা তদন্ত করা হচ্ছে। এলাকায় পাহারার ব্যবস্থা করা হয়েছে।  

রাজু

×