ছবি: দৈনিক জনকণ্ঠ।
বসন্তের আবেশে প্রকৃতি যখন রঙে রঙে সেজে ওঠে, তখনই আসে সনাতন ধর্মাবলম্বীদের আনন্দঘন উৎসব দোলযাত্রা। রঙ, আবির আর আনন্দের বার্তা নিয়ে এ উৎসব ছড়িয়ে দেয় ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন। সেই উৎসবের আমেজে গোপালগঞ্জের মুকসুদপুরেও অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য দোলযাত্রা র্যালি।
মঙ্গলবার (০৩ মার্চ) সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ও ননিক্ষীর ইউনিয়ন শাখার উদ্যোগে এই রঙিন শোভাযাত্রা বের করা হয়। বঙ্গরত্ন কলেজ মাঠ থেকে শুরু হওয়া র্যালিটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও তরুণ-তরুণী। অনেকেই রঙিন পোশাকে সেজে, হাতে আবির ও রঙ নিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। ঢোলের তালে তালে আনন্দমুখর পরিবেশে শোভাযাত্রাটি যেন হয়ে ওঠে বসন্তের এক জীবন্ত প্রতিচ্ছবি।
দোলযাত্রা মূলত ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার লীলার স্মরণে পালিত একটি ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। তবে ধর্মীয় আচার-অনুষ্ঠানের বাইরেও এটি মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও মিলনের বার্তা বহন করে। তাই প্রতি বছরই এই উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট গোপালগঞ্জ জেলা শাখার আহবায়ক বিপ্লব কুমার রায়, সদস্য সচিব ননী গোপাল মন্ডল, পূজা উদযাপন ফ্রন্ট গোপালগঞ্জ জেলা শাখার আহবায় মিহির কান্তি বিশ্বাস, উপজেলা বিএনপির সহ সভাপতি চিন্তাহরণ মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, দোলযাত্রা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতিরও প্রতীক। এ ধরনের আয়োজন সমাজে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও দৃঢ় করে।
রঙের আনন্দ আর বসন্তের উচ্ছ্বাসে ভরপুর এই দোলযাত্রা যেন মুকসুদপুরে ছড়িয়ে দেয় ভালোবাসা, বন্ধুত্ব ও সম্প্রীতির রঙিন বার্তা।
এম.কে








