ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মেহেদী হাসান রানা, আলীকদম-লামা

প্রকাশিত: ০৯:১৭, ৩ মার্চ ২০২৬

মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বান্দরবানের আলীকদম উপজেলায় মানব পাচার মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে আলীকদম পানবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ।

থানা সূত্রে জানা যায়, মানব পাচার-১/২০২৬, জিআর-৪১/২৪, আলীকদম থানার মামলা নং-০৬, তারিখ ২৮/১১/২০২৪ খ্রি:, মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৬/৭ ধারায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এ আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে মানব পাচার সংক্রান্ত গুরুতর অভিযোগ রয়েছে।

ওসি আলমগীর হোসেন শাহের সার্বিক দিকনির্দেশনায় এএসআই (নি:) রনেশ বড়ুয়া ও এএসআই (নি:) রাজীব দে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পানবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলে কৌশলগতভাবে ঘেরাও করে তাকে আটক করা হয় বলে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয় বাসিন্দা সাহাব উদ্দিন জানান, সাম্প্রতিক সময়ে আলীকদমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন এসেছে। বিশেষ করে মাদক, মানব পাচার, চুরি ও বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি আলমগীর হোসেন শাহ অপরাধ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন বলে থানা সূত্রে জানা গেছে। তিনি শুধু অভিযান পরিচালনাই নয়, জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছেন। বিভিন্ন সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সঙ্গে সমন্বয় করে অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন। ফলে থানার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে বলে মন্তব্য করেন এলাকাবাসী।

পুলিশ কর্মকর্তারা জানান, মানব পাচার একটি গুরুতর অপরাধ এবং এ ধরনের অপরাধ দমনে আলীকদম থানা কঠোর অবস্থানে রয়েছে। যেসব আসামি ওয়ারেন্টভুক্ত হয়ে আত্মগোপনে রয়েছেন, তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

এলাকাবাসী মনে করছেন, পুলিশের এমন ধারাবাহিক ও পরিকল্পিত অভিযানের ফলে আলীকদমে অপরাধ প্রবণতা আরও কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল হবে।

নোভা

×