ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

আফ্রিকান মাগুর জব্দ, মাদকসহ ৩ জন কারাগারে

জসিম ফরায়েজী, ফেনী

প্রকাশিত: ২০:৩৫, ২ মার্চ ২০২৬

আফ্রিকান মাগুর জব্দ, মাদকসহ ৩ জন কারাগারে

ছবি: জনকণ্ঠ

ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে মাদক নির্মূল, নিষিদ্ধ মাছ বিক্রয় বন্ধ এবং কৃষিজমি রক্ষায় দিনভর ও গভীর রাতে পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে মাদকসহ তিনজনকে আটকের পর কারাদণ্ড এবং নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির দায়ে জরিমানা প্রদান করা হয়েছে।

গতকাল রাত ১টা ২০ মিনিট থেকে ৩টা পর্যন্ত ফেনী রেলস্টেশনে মাদকবিরোধী টাস্কফোর্সের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাদশা নামের একজনের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা এবং আলম নামের আরেকজনের কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক সেবনরত অবস্থায় পালানোর সময় সাইদুর রহমান নামে আরও একজনকে আটক করা হয়। আটক তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার সজল। অভিযানে র‍্যাব, ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এর আগে সকালে ফেনী মৎস্য আড়তে অভিযান চালিয়ে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ তাৎক্ষণিকভাবে স্থানীয় ১১টি এতিমখানায় বিতরণ করা হয় এবং সংশ্লিষ্ট আড়তদারকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দুপুরে কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে পৃথক একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

শহীদ

×