কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেনের বিরুদ্ধে এক লাখ টাকা অথবা একটি ল্যাপটপ দাবির অভিযোগ উঠেছে। দাবিকৃত অর্থ বা ল্যাপটপ না দেওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন তিনি।
ভুক্তভোগী মো. মাহফুজুর রহমান বর্ষণ খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের বাসিন্দা। তিনি খোকসা বাজারের প্রধান সড়কে ‘বর্ষণ ইলেকট্রিক’ নামে একটি ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার দোকানটি থানার নিকটে হওয়ায় ওসির সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে ওসি মোতালেব হোসেন তাকে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের নাসির মেম্বার (যিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে) এর কাছ থেকে এক লাখ টাকা অথবা ওসির মেয়ের জন্য একটি ল্যাপটপ এনে দিতে বলেন। তিনি এ প্রস্তাবে রাজি না হলে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয় বলে দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ওসি তার দোকানে গিয়ে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। পরবর্তীতে ১৫ ফেব্রুয়ারি খোকসার কথিত শীর্ষ সন্ত্রাসী রাজন তার অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে তাকে খোঁজ করেন এবং হোয়াটসঅ্যাপে HP Core i7 12th Gen ল্যাপটপের একটি মডেল পাঠিয়ে সেটি কিনে দিতে বলেন। এতে রাজি না হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
মাহফুজুর রহমান বর্ষণ বলেন, আমি খুব কঠিন সময় পার করছি। প্রথমে ভালো সম্পর্ক তৈরি করে পরে আমাকে এসব করতে বলা হয়। বিভিন্ন সময় থানার মসজিদে কিছু জিনিস সরবরাহের বিল আদায়ের জন্য লোকজন আমার দোকানে পাঠানো হয়েছে। নানা অজুহাতে অর্থ দাবি করা হয়েছে।তিনি ওসির বদলি ও বিচার দাবি করেন।
তবে এ বিষয়ে জানতে খোকসা থানার ওসি মোতালেব হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, অভিযোগটি পেয়েছি। সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।
রাজু








