ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

কিশোরগঞ্জে প্রতিমন্ত্রী শরীফুল আলম

নরসুন্দা নদী দখলকারী কাউকে ছাড় নয়, নদীর গতি প্রবাহ ফিরিয়ে আনতে নির্দেশনা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

প্রকাশিত: ১৮:০৮, ১ মার্চ ২০২৬; আপডেট: ১৮:০৯, ১ মার্চ ২০২৬

নরসুন্দা নদী দখলকারী কাউকে ছাড় নয়, নদীর গতি প্রবাহ ফিরিয়ে আনতে নির্দেশনা

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেছেন, নরসুন্দা কিশোরগঞ্জের প্রাণ। এই প্রাণকে বাঁচাতে কোনো আপস হবে না। নদী দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। তাই দ্রুত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই নদীকে তার স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনা হবে। 

আজ (১ মার্চ) রবিবার দুপুরে তিনি কিশোরগঞ্জের কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় তিনি হুঁশিয়ারি করে বলেন, যারা নদীর জায়গা দখল করে আছেন, তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। যারা এখন নদী দখল করে অবৈধভাবে বড় দালাল নির্মাণ করছেন তাদেরকে অবিলম্বে সরে যাওয়ার ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনা দেন। 

এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৪ আসনের সদস্য সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ডঃ এসএম ফরহাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী শরীফুল আলম কিশোরগঞ্জের বিভিন্ন বাজার ও টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কাযর্ক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি শহরের কাচারি বাজারে বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান ঘুরে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, আলুসহ নিত্যপণ্যের বর্তমান দরদাম ও সরবরাহ পরিস্থিতির খোঁজ নেন। এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, দরিদ্র মানুষের কাছে ন্যায্যমূল্যে নিত্যপণ্য সামগ্রি বিক্রি করার লক্ষ্যে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় ৫টি ট্রাকে করে টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে। তাছাড়া নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে যেন অসাধু ব্যবসায়ীরা কোনো জিনিসপত্রের দাম বাড়াতে না পারে।

বর্তমানে বাজারে সকল জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী শরীফুল আলম আরও বলেন, বাজার স্থিতিশীলতা রাখতে টিসিবির পণ্যের যথেষ্ট মজুত রয়েছে। কোনো পণ্যের ঘাটতি নেই। তবে রমজানের শুরুর দিকে কয়েকটি নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছিল। এখন বাজারে জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে।
বাজার পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাজার কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজু

×