ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

কৃষিনির্ভর রাজবাড়ী, কর্মসংস্থানের অভাব তরুণদের বিপথে ঠেলছে: হারুন অর রশিদ

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ১৭:১৫, ১ মার্চ ২০২৬; আপডেট: ১৭:১৬, ১ মার্চ ২০২৬

কৃষিনির্ভর রাজবাড়ী, কর্মসংস্থানের অভাব তরুণদের বিপথে ঠেলছে: হারুন অর রশিদ

ছবি: দৈনিক জনকণ্ঠ।

রাজবাড়ী জেলার কৃষিনির্ভর অর্থনীতি ও শিল্পকারখানার অভাব বেকারত্ব বৃদ্ধির অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন হারুন অর রশিদ। তিনি বলেন, কর্মসংস্থানের সংকট মাদকের বিস্তারে সহায়ক ভূমিকা রাখছে।

রোববার (০১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, মাদক সমস্যা একটি চলমান চ্যালেঞ্জ। এটি মোকাবেলায় প্রশাসনকে কঠোর হতে হবে। পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি উল্লেখ করেন, রাজবাড়ী কৃষিপ্রধান জেলা হওয়ায় এখানে বড় ধরনের শিল্পায়ন হয়নি। ফলে কর্মসংস্থানের সুযোগ সীমিত, যা তরুণদের একটি অংশকে বিপথে ঠেলে দিচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশে বেকারত্ব সমস্যা সমাধানে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বেকার ভাতার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং প্রায় ৮০ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে তিনি নিজেও কাজ করে যাচ্ছেন বলে জানান।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এম.কে

×