ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

দাগনভূঞায় চেতনানাশক প্রয়োগ করে ঘর লুটের অভিযোগ 

জাহাঙ্গীর হোসেন, দাগনভূঞা, ফেনী

প্রকাশিত: ১৬:২৯, ১ মার্চ ২০২৬

দাগনভূঞায় চেতনানাশক প্রয়োগ করে ঘর লুটের অভিযোগ 

ছবি: দৈনিক জনকণ্ঠ।

ফেনীর দাগনভূঞায় চেতনানাশক ঔষধ প্রয়োগ করে ঘর লুটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার(১ মার্চ) ভোরে দাগনভূঞার মধ্যম রামনগর গ্রামের ছেরাজল হকের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (০১ মার্চ) ভোর রাতে সেহরি খাওয়ার পর রুমে গিয়ে অচেতন হয়ে পড়েন তোফাজ্জল হোসেন(৫০) ও তার স্ত্রী হাজেরা খাতুন(৪৫)। তাদের দেখতে রুমে অচেতন হয়ে পড়েন নুরুন নবী(৪৫), আইরিন আক্তার(৪৩) ও মারজাহান বেগম(২৫)। 

রবিবার বেলা ৯ ঘটিকার দিকে তোফাজ্জল ও নুরুন নবী মসজিদে ফজর পড়তে না গেলে এ বিষয়ে জানতে আসেন স্থানীয় বাসিন্দা সিরাজ কোম্পানি ও তার ছেলে। পরে তারা গিয়ে দেখেন ঘরের দরজা খোলা সবাই অচেতন হয়ে পড়েছেন। পরে তার ডাকাডাকিতে স্থানীয়রা এগিয়ে এসে পল্লী চিকিৎসক জাহিদুল ইসলাম ইমন কে খবর দেন। তিনি এসে সকলকে স্যালাইন ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে তাদের হুঁশ ফিরলেও তারা কথা বলতে সমর্থ ছিলেন না। 

এ বিষয়ে জানতে চাইলে পল্লী চিকিৎসক জাহিদুল ইসলাম ইমন জানান, আমাকে খবর দেয়া হলে গিয়ে দেখি সবাই অচেতন হয়ে পড়ে আছেন। পরে তাদের প্রেশার মেপে দেখি ঠিক আছে। পরে তাদের স্যালাইন সহ প্রাথমিক চিকিৎসা দিলে তাদের হুঁশ ফিরে আসে তবে তারা কথা বলতে পারছেন না। আশা করছি কিছু সময় পার হলে তারা কথা বলতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে দাগনভুঞা থানার ওসি ফজলুল আজিম নোমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে।

এম.কে

×