ছবি: দৈনিক জনকণ্ঠ।
রাজবাড়ীর সার্বিক উন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। তিনি বলেন, জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজবাড়ীকে একটি আধুনিক ও আলোকিত জেলায় রূপান্তর করা হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (০১ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, দীর্ঘদিন পর জেলা পর্যায়ের এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতামত ও উন্নয়ন পরিকল্পনা শোনা হয়েছে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কীভাবে অগ্রসর হওয়া যায়, সে বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী সভায় এ বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, রাজবাড়ীর উন্নয়নে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুসহ যেসব বড় প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের মাধ্যমে জেলার অবকাঠামো, যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।
মাদক নির্মূল প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সমন্বিত ও সুপরিকল্পিত কর্মপদ্ধতি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। কেবল ঘোষণা নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমেই মাদকের বিস্তার রোধ করতে হবে। পরিকল্পনার ভিত্তিতে শিগগিরই ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে।
সভায় উপস্থিত রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ বলেন, মাদক একটি চলমান সামাজিক সমস্যা। এটি মোকাবিলায় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, কর্মসংস্থানের অভাব ও শিল্পকারখানার ঘাটতির কারণে কৃষিনির্ভর এ জেলায় বেকারত্বের প্রভাব বেশি, যা মাদকের বিস্তারে সহায়ক ভূমিকা রাখছে। তাই মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ জরুরি।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এম.কে








