ছবি: দৈনিক জনকণ্ঠ।
রাজবাড়ীর সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে মাদকাসক্ত এক ব্যক্তির লাঠিপেটায় সমশের শেখ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (০১ মার্চ) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সমশের শেখ ওই গ্রামের মৃত সোবাহান শেখের ছেলে। অভিযুক্ত বরকত শেখ (৫০) একই এলাকার বাসিন্দা। ঘটনার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেহরি শেষে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরে সমশের শেখ দেখতে পান বরকত শেখ তার ছেলে-বউয়ের ঘরের দরজা ও বেড়া ভাঙচুরের চেষ্টা করছে। এতে তিনি বাধা দিলে বরকত শেখ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে তাকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় সমশের শেখকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, বরকত শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি খন্দকার জিয়াউর রহমান জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।
এম.কে








