ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আবদুল্লাহ আল মামুন জেলার শ্রেষ্ঠ ওসি

নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ০০:২৬, ১ মার্চ ২০২৬

আবদুল্লাহ আল মামুন জেলার শ্রেষ্ঠ ওসি

ছবি: জনকণ্ঠ

গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন। ২০২৬ সালের জানুয়ারি মাসের কর্মমূল্যায়ন জরিপে তিনি জেলার সেরা ওসি হিসেবে মনোনীত হন। যা তাঁর পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি।

সম্প্রতি গোপালগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সমিতির সভায় তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ারেন্ট তামিল কার্যক্রমে অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং থানার সার্বিক প্রশাসনিক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করায় আবদুল্লাহ আল মামুন এ সম্মান অর্জন করেন। তাঁর নেতৃত্বে মুকসুদপুর থানায় সেবা গ্রহণে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সহকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা, অধস্তনদের উৎসাহিত করা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। থানায় অভিযোগ গ্রহণ থেকে শুরু করে তদন্ত কার্যক্রম পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করেন তিনি।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আবদুল্লাহ আল মামুন বলেন, এ অর্জন মুকসুদপুর থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় আরও আন্তরিকভাবে কাজ করে যাব।

স্থানীয় সচেতন মহলের মতে, একজন ওসির কার্যকর নেতৃত্ব শুধু অপরাধ দমনেই নয়, সামাজিক স্থিতিশীলতা ও জনআস্থার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবদুল্লাহ আল মামুনের এ স্বীকৃতি মুকসুদপুরবাসীর জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

দায়িত্ববোধ, সততা ও জনমুখী পুলিশিংয়ের মাধ্যমে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা ভবিষ্যতেও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে, এমন প্রত্যাশা সবার।

শহীদ

×