ছবি: জনকণ্ঠ
ভেটখালী থেকে সাতক্ষীরা সড়কের চলমান সংস্কারকাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগটি উঠেছে ভেটখালী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জমিতে মৃত উপেন্দ্রনাথ যোদ্ধারের পুত্র হিমাংশু যোদ্ধার, চন্দ্রাংশু যোদ্ধার, পরমাংশু যোদ্ধার ও তপন যোদ্ধার পুনরায় দোকানঘর নির্মাণ শুরু করেছেন। রাস্তা সংস্কারের কাজ চলমান থাকা অবস্থায় এ নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন। দোকানগুলো বিদ্যালয়ের পাশে হওয়ায় শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনায় বিঘ্ন ঘটছিল। বিদ্যালয় চলাকালে শিক্ষার্থীদের দোকানগুলোতে আড্ডা দেওয়ার ঘটনাও স্থানীয়দের নজরে আসে।
ভেটখালী থেকে সাতক্ষীরা পর্যন্ত সড়ক সংস্কারের কাজ শুরু হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে কাজ শেষ হওয়ার আগেই আবারও সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ শুরু হওয়ায় সড়ক ও জনপথ বিভাগের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে হিমাংশু যোদ্ধার দাবি করেন, তারা আর কোনো নির্মাণকাজ করবেন না। যদিও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রতিদিনই দোকানঘর সংস্কারের কাজ চলতে দেখা যাচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগের খুলনা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেন জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং রবিবার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে, বিষয়টি তারা পর্যবেক্ষণে রেখেছেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, বিষয়টি জানার পর সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করা হয়েছে। তারা উচ্ছেদের উদ্যোগ নিলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
শহীদ








