ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

ফাইতংয়ে দুই ইটভাটায় ৫ লক্ষ টাকা জরিমানা

মেহেদী হাসান রানা, আলীকদম-লামা,বান্দরবান

প্রকাশিত: ১৫:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফাইতংয়ে দুই ইটভাটায় ৫ লক্ষ টাকা জরিমানা

বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ সংরক্ষণ ও সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার কয়েকটি ইটভাটার বিরুদ্ধে লাইসেন্সবিহীন কার্যক্রম, কৃষিজমি ক্ষতিগ্রস্ত করা, বনাঞ্চলের গাছ ব্যবহার এবং বায়ুদূষণ সৃষ্টি করার অভিযোগ ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন। এ সময় প্রশাসনের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় KBC ও BBM নামের দুটি ইটভাটায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভাটাগুলোতে পরিবেশগত ছাড়পত্রের জটিলতা, অনুমোদনবিহীন মাটি উত্তোলন, নির্ধারিত দূরত্ব বজায় না রেখে স্থাপনা নির্মাণ এবং কালো ধোঁয়া নির্গমনের মতো অভিযোগের সত্যতা মেলে।

এ অবস্থায় পরিবেশ সংরক্ষণ আইন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের প্রাসঙ্গিক ধারায় KBC ইটভাটাকে ৩ লাখ টাকা এবং BBM ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আইন মেনে কার্যক্রম পরিচালনার জন্য মালিকদের সতর্ক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন জানান, পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসন নিয়মিত নজরদারি চালাচ্ছে। তিনি বলেন, “যেসব প্রতিষ্ঠান আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ইটভাটার কালো ধোঁয়া ও মাটি কাটার কারণে দীর্ঘদিন ধরে ফসল, গাছপালা ও মানুষের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল। নিয়মিত অভিযান হলে পরিবেশের ভারসাম্য রক্ষা সহজ হবে বলে তারা মনে করছেন।

রাজু

×