স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, “আমরা কোনোদিনও হার মানিনি, হার মানবো না।” তিনি বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যূত্থানের চেতনা ধারণ করে জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, “একটি অভ্যুত্থান ও রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি। জাতি, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলে আমাদের এগিয়ে যেতে হবে।”
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে বিএনপির মহাসচিব জানান, ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের বিষয়েও মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে এবং একটি প্রতিনিধি দল শিগগিরই জেলায় পরিদর্শনে আসবে। এছাড়া ঠাকুরগাঁও ইপিজেড চালুর লক্ষ্যে কাজ চলমান রয়েছে। তিনি বলেন, “বিএনপি যে লক্ষ্যে দেশকে এগিয়ে নিতে চায়, আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।”
দলের শীর্ষ নেতা তারেক রহমান-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁওয়ে এসে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দিয়েছিলেন। সেই প্রক্রিয়া ইতিমধ্যে অনুমোদন হয়েছে।”
ইফতার মাহফিলে পানিসম্পদ মন্ত্রীসহ জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজু








