ছবি: জনকণ্ঠ
ফেনী শহরের মহিপালে যাত্রীবাহী বাস তল্লাশি করে ১হাজার পিস ইয়াবাসহ মো: সারোয়ার হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে আটক করে। সারোয়ার নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের শামসুজ্জামানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্যের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নিচে অবস্থান নেয়। ভোর ৬টার দিকে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আইকনিক এক্সপ্রেস স্লিপার বাস থামানোর সংকেত দেন তারা। বাস চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম বাসটি ধাওয়া করে তল্লাশি করে। বাসের উ৪ সিটের যাত্রীর পকেট ও সাথে থাকা ব্যাগ থেকে ১হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতার সারওয়ারকে থানায় হস্তান্তর করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, কক্সবাজার থেকে রাত ১২টায় ছেড়ে আসা আইকনিক এক্সপ্রেস স্লিপার বাসে ইয়াবা পাচারের খবর পেয়ে রাতভর আমাদের দুটি টিম অভিযান বের হয়। ভোর ৬টার দিকে অভিযান সফলতা পায়। জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় জেলাব্যাপি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এ.এইচ








