ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

শরীয়তপুরে প্রধান শিক্ষক পেটানোর প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্ত যুবদল নেতা দল থেকে বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

প্রকাশিত: ১৯:৩৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৬; আপডেট: ১৯:৩৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

শরীয়তপুরে প্রধান শিক্ষক পেটানোর প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্ত যুবদল নেতা দল থেকে বহিষ্কার

শরীয়তপুরে নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন রতনকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় সম্মুখের রাস্তায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দাসহ হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবীতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও প্রাক্তণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। 

এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরীয়তপুরের নড়িয়ার উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন যুবদল সভাপতি মিজানুর রহমান সিকদারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) যুবদল কেন্দ্রীয় কমিটি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া কর্তৃক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেশীশক্তি প্রদর্শনপূর্বক জনমনে আতঙ্ক সৃষ্টির সুস্পষ্ট অভিযোগে মিজানুর রহমান সিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। 

এদিকে বুধবার বিকেলে নড়িয়া উপজেলার ভোজেশ^র ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন বহিস্কৃত উক্ত ইউনিয়ন যুবদল সভাপতি মিজানুর রহমান সিকদার। সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে তিনি দাবী করেন যে, উক্ত শিক্ষক পেটানোর ঘটনার সাথে তিনি বা তার দলের কেউ জড়িত ছিল না এবং ঘটনার সময় তিনি নড়িয়া উপজেলায় একটি সরকারি অফিসে কাজে ব্যস্ত ছিলেন। সংবাদ সম্মেলনের সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন রতনকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় তার ডান হাত ও পায়ের গোড়ালী ভেঙে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষক মো. নুরুল আমিন রতন ও তার পরিবার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারের পূর্ব পাশে ‘তিন দোকান’ এলাকায় এ ঘটনা ঘটে। মো. নুরুল আমিন রতন দীর্ঘদিন যাবত বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আহত প্রধান শিক্ষক নুরুল আমিন রতন জানান, স্কুলের উন্নয়ন কাজ তদারকি শেষে অটোরিকশায় বাড়ি ফেরার পথে ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান সিকদারের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল তার গতিরোধ করে। একপর্যায়ে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হলে তাকে লাঠিসোটা দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

এ বিষয়ে অভিযুক্ত মিজান শিকদারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে নড়িয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন সাংবাদিকদের বলেন, আমি বহিষ্কারের বিষয়ে অবগত নই। এ ব্যাপারে আমি কোনো চিঠি পাইনি। তবে নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি নিক্সন খান বলেন, দলীয় সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে, আমরা এর বাইরে না, সিন্ধান্তকে আমদের মানতে হবে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

রাজু

×