ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রাম হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ১১:৩৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

চট্টগ্রাম হালিশহরে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধের ঘটনায় আশুরা আক্তার পাখি (৩৬) নামে আরও এক নারী মারা গেছেন। এনিয়ে ঘটনাটিতে মারা গেলেন ৪ জন।

মঙ্গলবার রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, পাখির শরীরের শতভাগই পুড়ে গিয়েছিল।

এর আগে, মঙ্গলবার সকালে শাওন, দুপুরে সুমন নামে দুইজন মারা যান। সোমবার রাতে মারা যান নুরজাহান। 

ডা. শাওন জানান, বর্তমানে শাওনের বাবা মো. সাখাওয়াত হোসেন ১০০ শতাংশ, মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা ৩৮ শতাংশ, আয়েশা ৪৫ শতাংশ, ফারহান আহমেদ আনাস ৩০ শতাংশ এবং শিপন ৮০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদের সবার অবস্থাই আশংকাজনক।

এর আগে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহরের বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যার দিকে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসে স্বজনরা। এই ঘটনায় দগ্ধ হয় মো. সাখাওয়াত হোসেন (৪৬), স্ত্রী নুরজাহান আক্তার রানী (৪০), ছেলে শাওন (১৬) মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা (১০), সাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমন (৪০), স্ত্রী আশুরা আক্তার পাখি (৩৫), মেয়ে আয়েশা (৪), ছেলে ফারহান আহমেদ আনাস (৬) এবং সাখাওয়াতের আরেক ছোট ভাই শিপন হোসেন (৩০)। 

নোভা

×