ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

পেঁয়াজ বীজে রাতের নাশকতা, লাখো টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী

প্রকাশিত: ১৫:২২, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

পেঁয়াজ বীজে রাতের নাশকতা, লাখো টাকার ক্ষতি

ছবি: দৈনিক জনকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের একটি ফসলি মাঠে পেঁয়াজ বীজের ক্ষেত কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষি মো. আলাউদ্দিন শেখ। একই সঙ্গে তার অবশিষ্ট পাঁচ একর জমির বীজ ক্ষেত নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে মিজানপুর ইউনিয়নের মর্জোৎকোল ফসলি মাঠে দেড় বিঘা জমিতে আবাদ করা পেঁয়াজ বীজের ক্ষেত কেটে ফেলা হয়। সকালে মাঠে গিয়ে ক্ষতিগ্রস্ত অবস্থায় ফসল দেখতে পান কৃষক আলাউদ্দিন। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. আলাউদ্দিন শেখ জানান, চলতি মৌসুমে তিনি প্রায় সাড়ে পাঁচ একর জমিতে হাইব্রিড, বেগম ও সুখসাগর জাতের পেঁয়াজ বীজের আবাদ করেছেন। এর মধ্যে দেড় বিঘা জমির বীজ ক্ষেত সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে। এতে তার প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। নষ্ট হওয়া জমিতে কুম পেঁয়াজের বীজ ও মুড়িকাটা পেঁয়াজ উৎপাদনের প্রস্তুতি ছিল বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “আমার বাকি জমিগুলো নিয়েও এখন শঙ্কায় আছি। এত বড় ক্ষতির পর মানসিকভাবে ভেঙে পড়েছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনা হোক।”

স্থানীয় কৃষকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এ ধরনের ঘটনা চলতে থাকলে বীজ উৎপাদনে কৃষকরা নিরুৎসাহিত হবেন। তারা জানান, পেঁয়াজ বীজ উৎপাদন এ এলাকার একটি গুরুত্বপূর্ণ কৃষি কার্যক্রম, যা বহু পরিবারের জীবিকার সঙ্গে জড়িত।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তা মো. জনি খান  বলেন, ঘটনাটি দুঃখজনক। ক্ষতিগ্রস্ত কৃষককে প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করবে বলে তিনি জানান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৃষকরা দ্রুত তদন্ত ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের নাশকতা রোধ করা যায়।

এম.কে

×