ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

হঠাৎ আলীকদমে হাসনাত আব্দুল্লাহ

মেহেদী হাসান রানা, আলীকদম-লামা, বান্দরবান

প্রকাশিত: ১৮:২১, ২২ ফেব্রুয়ারি ২০২৬

হঠাৎ আলীকদমে হাসনাত আব্দুল্লাহ

বান্দরবানের পাহাড়ি জনপদ লামা ও আলীকদম উপজেলায় আকস্মিক সফর করেছেন কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপি–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রবিবার হঠাৎ করেই তাকে পার্বত্য এ দুই আলীকদম লামা উপজেলায় ঘুরে বেড়াতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে তিনি ইয়াংছা চেকপোস্ট সংলগ্ন একটি মসজিদে জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রথমে লামা বাজারে কিছু সময় অবস্থান করেন। পরে আলীকদম বাজার ঘুরে দেখেন এবং এরপর দুর্গম করুকপাতা বাজার এলাকাতেও তাকে দেখা যায়। সফরের সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং অনানুষ্ঠানিকভাবে কথা বলতে দেখা যায়।

সফরের সময় তার পরনে ছিল ব্লু জিন্স প্যান্ট, কালো জার্সি এবং মুখে মাস্ক। তার সঙ্গে কয়েকজন সঙ্গীও ছিলেন। কোথাও কোনো আনুষ্ঠানিক কর্মসূচি, বক্তব্য বা রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে দেখা যায়নি তাকে। পুরো সফরটিই ছিল স্বল্প সময়ের ও অনানুষ্ঠানিক।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, তার এই সফর সম্পর্কে আগে থেকে সাংগঠনিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। পরে বিষয়টি জানা যায় এবং এটি ব্যক্তিগত সফর ছিল বলে ধারণা করা হচ্ছে।

হঠাৎ এমন উপস্থিতিতে লামা ও আলীকদমের বাজার এলাকাগুলোতে সাধারণ মানুষের মাঝে কৌতূহল তৈরি হয়। অনেকেই তাকে কাছে পেয়ে শুভেচ্ছা বিনিময় করেন, কেউ কেউ ছবি তোলেন এবং বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়।

রাজু

×