মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান বলেছেন, "মাগুরায় চাঁদাবাজি কোনোভাবেই সহ্য (টলারেট) করা হবে না। আপনাদের সাথে নিয়েই নতুন মাগুরা গড়ব।"
রবিবার বিকেলে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি জানান, জেলায় ‘অভিযোগ বাক্স’ স্থাপন করা হবে এবং জনসাধারণ সরাসরি সেখানে তাদের অভিযোগ জানাতে পারবেন।
মাগুরার উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, "শহরের উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান রয়েছে, যার অর্থ বরাদ্দ আনার ব্যবস্থা করা হবে এবং পৌরসভা তা বাস্তবায়ন করবে। সবাইকে সঙ্গে নিয়ে মাগুরাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে।"
শিল্প ও শিক্ষা খাতের উন্নয়ন নিয়ে তিনি জানান, মাগুরায় বিসিক শিল্পনগরী গড়ে তোলার কাজ অনেক দূর এগিয়েছে। পাশাপাশি একটি কারিগরি কৃষি বিশ্ববিদ্যালয় (এগ্রোবেজড ইউনিভার্সিটি) স্থাপনের পরিকল্পনাও রয়েছে তার। স্বাস্থ্যসেবা নিয়ে তিনি সতর্ক করে বলেন, যারা ক্লিনিক বা স্বাস্থ্যসেবা ব্যবসার সঙ্গে জড়িত, তারা যেন সঠিকভাবে ও সততার সাথে সেবা প্রদান করেন।
বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে মনোয়ার হোসেন খান বলেন, "বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা কোনো অসাধু চক্রকে মাগুরার মানুষের কষ্টের কারণ হতে দেওয়া হবে না।"
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। সম্মেলনে মাগুরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাজু








