ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

নদীর চর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার 

মেহেদী হাসান রানা, আলীকদম - লামা, বান্দরবান

প্রকাশিত: ১০:৫১, ২২ ফেব্রুয়ারি ২০২৬

নদীর চর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার 

বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা আলীকদম-এ এক হৃদয়বিদারক ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে স্থানীয় জনপদ। চৈক্ষ্যং ইউনিয়নের ভরিরমুখ পাড়া সংলগ্ন মাতামুহুরী নদীর মাঝখানে জেগে ওঠা একটি ছোট চরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাতনামা এক নবজাতক শিশুর নিথর দেহ। নিষ্পাপ এই প্রাণের এমন পরিণতি দেখে স্থানীয়দের চোখে জল, মুখে ক্ষোভ আর মনে গভীর বেদনা নেমে এসেছে।

স্থানীয়রা জানান, সকালে নদীর পাশ দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারীর চোখে পড়ে চরের বালুর ওপর পড়ে থাকা ছোট্ট শিশুটির দেহ। কাছে গিয়ে নিশ্চিত হওয়ার পর তারা স্তম্ভিত হয়ে পড়েন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন, আবার কেউ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন দীর্ঘক্ষণ। পরে বিষয়টি দ্রুত থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। শিশুটির পরিচয় শনাক্ত, মৃত্যুর কারণ নির্ণয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশর আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে। একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যাতে মানবিক ও আইনগত দিক বিবেচনায় মরদেহ দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়।

ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয়দের প্রশ্ন? কোন নিষ্ঠুরতা, কোন পরিস্থিতি, কিংবা কোন সামাজিক অমানবিকতা এমন একটি নিষ্পাপ প্রাণকে পৃথিবীর আলো দেখার আগেই এভাবে নিভিয়ে দিল?

স্থানীয় বাসিন্দারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, এমন ঘটনা শুধু একটি পরিবার নয়, পুরো সমাজের বিবেককে নাড়া দেয়।

নোভা

×