নওগাঁ জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখার উদ্যোগে হারিয়ে যাওয়া ১২৬টি মোবাইল ফোন উদ্ধার করে তা মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন। এ সময় হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আইসিটি শাখার একটি বিশেষ টিম বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্ত চালিয়ে মোবাইল ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নানা প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ব্যস্ততা সত্ত্বেও আমরা মানুষের হারানো সম্পদ ফিরিয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছি। সব ফোন উদ্ধার করা সবসময় সম্ভব না হলেও পুলিশের আইসিটি টিম এ বিষয়ে অত্যন্ত তৎপর রয়েছে এবং আগামীতেও এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
রাজু








