ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ইমামকে মারধরের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ 

প্রকাশিত: ১৬:০৬, ২১ ফেব্রুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ইমামকে মারধরের অভিযোগ

ছবি: সংগৃহীত।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুর কাঁঠাল মোড়ে এক মসজিদের ইমামকে মারধরের অভিযোগ উঠেছে।  

স্থানীয় সূত্রে জানা যায়, রহনপুর বেগুনবাড়ি এলাকার বাসিন্দা মাওলানা জয়ানাল আবেদীন প্রসাদপুর ভাটাপাড়া জামে মসজিদে ইমামতি ও মক্তবে পাঠদান করেন। মক্তবের দুই শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ তুলে স্থানীয় কিছু লোক তাকে সমাধানের কথা বলে ডেকে নিয়ে যায়। পরে সেখানে তাকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা এবং মারধর করা হয় বলে অভিযোগ উঠে। বৃহস্পতিবার উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুর কাঁঠাল মোড়ে ঘটনাটি ঘটে।

তবে অভিযোগকারী এক ছাত্রীর পিতা বিষয়টিকে ‘সাজানো’ দাবি করেছেন। তিনি বলেন, আমার মেয়ের কোনো শ্লীলতাহানি হয়নি। পড়া না পারলে হুজুর শাসন করতেন, এটুকুই ঘটনা। কিন্তু ফেসবুকে আমার মেয়েকে ধর্ষণের শিকার বলা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও অতিরঞ্জিত। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে অভিযুক্ত ইমাম মাওলানা জয়ানাল আবেদীন দাবি করেন, ভোটের পর বিএনপি সরকার গঠন করায় মসজিদে দোয়া করার জন্য বলা হলে আমি নিয়ম অনুযায়ী দোয়া করি। এতে কেউ কেউ অসন্তুষ্ট হন। সেই ক্ষোভ থেকেই আমাকে হেয় করতে এ ঘটনা সাজানো হয়েছে। আমাকে মারধর করা হয়েছে, এমনকি আমার স্ত্রী ও শিশু সন্তানকেও আঘাত করা হয়েছে। আমি এর প্রতিকার চাই। তিনি বলেন, এ বিষয়ে গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারীক বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.কে

×