ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বারবার গ্রেপ্তার হলেও থামছেনা কামিনী বেগমের মাদক ব্যবসা, এলাকায় উদ্বেগ

সাগর হোসেন, কুষ্টিয়া

প্রকাশিত: ১৬:১২, ২০ ফেব্রুয়ারি ২০২৬

বারবার গ্রেপ্তার হলেও থামছেনা কামিনী বেগমের মাদক ব্যবসা, এলাকায় উদ্বেগ

ছবি: সংগৃহীত।

কুষ্টিয়ায় আলোচিত এক নারী, কামিনী বেগমকে ঘিরে পুনরায় মাদক কারবারের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল সরবরাহের সঙ্গে তিনি জড়িত। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শহরের চৌড়হাস এলাকার একটি বাড়ি থেকে দীর্ঘদিন ধরে মাদক সরবরাহের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ঈদকে সামনে রেখে মাদকের সরবরাহ বেড়েছে বলেও দাবি করছেন কেউ কেউ। এতে করে তরুণ সমাজের একটি বড় অংশ ঝুঁকির মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।

এলাকাবাসীর ভাষ্য, সংশ্লিষ্ট নারী একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও পরবর্তীতে জামিনে মুক্তি পান। মুক্তির পর আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। গত বছর বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলেও দাবি স্থানীয়দের।

সচেতন মহলের মতে, বারবার গ্রেপ্তার ও জামিনের চক্র ভেঙে কার্যকর আইনি ব্যবস্থা নিশ্চিত না হলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। তারা দ্রুত তদন্ত, নিয়মিত অভিযান এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আর এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিত চলছে। সুনির্দিষ্ট তথ্য পেলে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন মাতুব্বর বলেছেন, শুধু কামিনী নয়, মাদক বিক্রির সঙ্গে যুক্ত যে কেউ থাকুক, আমরা তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করব। মাদকের ব্যাপারে কোন প্রকার ছাড় নেই। তিনি আরও জানান, রমজান মাস উপলক্ষে থানার পেট্রোলিং কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে, যাতে নগরীতে মাদকবিরোধী অভিযান কার্যকরী হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক মো. আসলাম হোসেন বলেন, আমরা বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেয়ে আসছি। তাকে হাতেনাতে আটক করার চেষ্টা চলছে। আশা করছি, খুব শিগগিরই কামিনী ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে সক্ষম হব।

তিনি আরও বলেন, মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। কোনো অবস্থাতেই মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযান আরও জোরদার করা হয়েছে।

এম.কে

×