ছবি: জনকণ্ঠ
কুষ্টিয়ার দৌলতপুরে উজ্জ্বল হোসেন (৩০) নামে এক ট্রাক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খলিসাকুন্ডি বাজারের একটি দুইতলা ভবনের দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত উজ্জ্বল হোসেন খলিসাকুন্ডি এলাকার ঈমান আলীর ছেলে। তিনি পেশায় ট্রাক চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খলিসাকুন্ডি বাজারের আসাদুল হকের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন ট্রাক চালক উজ্জ্বল হোসেন। মঙ্গলবার বিকেলে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে বাড়ির মালিক আসাদুল হক তালাবদ্ধ ঘর খুলে উজ্জ্বলের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ ওই কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে রাখা হয়।
বাড়ির মালিক আসাদুল হক জানান, সাত মাস আগে উজ্জ্বল তার বাড়ির বাসা ভাড়া নিয়ে থাকত। গত ১০ ফেব্রুয়ারি রাতে উজ্জ্বল আমার ছেলেকে ফোন দিয়ে বাসাভাড়া বাবদ ৩ হাজার টাকা দেন। এরপর থেকে তার সঙ্গে আমাদের আর যোগাযোগ হয়নি। মঙ্গলবার তালাবদ্ধ ঘর খুলে তার লাশ পাওয়া যায়।
মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, খলিসাকুন্ডি বাজারের একটি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে উজ্জ্বল হোসেন নামে এক ট্রাক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ ওই কক্ষে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয়। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
শহীদ








