ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

নড়াইল-২ আসনে 

বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল

প্রকাশিত: ১৪:৫৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

ছবি: দৈনিক জনকণ্ঠ।

নড়াইল-২ আসনের বিলডুমুরতলা এলাকায় হবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ূন মোল্যার বাড়িতে পেট্রোল বোমা মেরে প্রতিপক্ষরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী বিএনপি নেতা হুমায়ূন মোল্যার পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত ১টার দিকে বিকট শব্দ পেয়ে তাদের ঘুম ভাঙে। এ সময় ঘরে দাউ দাউ করে আগুন দেখতে পান। আগুনে ধান, রবি শস্যসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে, ঘরে কোনো লোক ছিলেন না। 

ভুক্তভোগীদের অভিযোগ, সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে তারা বিএনপির বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে কাজ করায় বিএনপির প্রার্থীর সমর্থকরা তাদের ঘরে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দিয়েছে। 

তবে, এ অভিযোগ অস্বীকার করে ধানের শীষের সমর্থক হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিংকু বলেন, বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা ষড়যন্ত্র করে আগুন দিয়ে আমাদের লোকজনের ওপর দোষ চাপাচ্ছেন। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। 

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বলেন, আগুনের বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.কে

×