নওগাঁর ধামইরহাটে মঙ্গলবাড়ী বাজারে কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রির চেষ্টার ঘটনা ঘটেছে। স্থানীয়রা বিষয়টি জানতে পারলে ঘটনাস্থলে যান। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যান কসাইরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাংসগুলো জব্দ করে।
মঙ্গলবাড়ী বাজারের নেংড়াপীর-ইসবপুর সড়কের তেঁতুলতলী মোড়ের কসাই এনতাজুল ও তাঁর সহযোগী দুলু মৌলভী বাড়ি থেকে নিয়মিত মাংস এনে বিক্রি করেন। সকালে বাড়িতে কুকুর ধরে জবাই করে দোকানে নিয়ে যান। ঘটনাটি স্থানীয়রা জানতে পারলে শত শত নারীপুরুষ দোকানে ভিড় জমায়। অবস্থা বেগতিক দেখে এনতাজুল ও দুলু সটকে পড়েন। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাংসগুলো জব্দ করে। প্রাণিসম্পদ দপ্তরের এ.আই টেকনিশিয়ান মিজানুর রহমান মিন্টু পরীক্ষা করে মাংসগুলো কুকুরের বলে নিশ্চিত করেছেন।
জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে। কসাই এন্তাজ ও দুলু পালিয়ে গেছেন।
ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কুকুরের মাংস উদ্ধার হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








