ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান, বিএনপি প্রার্থীর সঙ্গে আমির হামজার সাক্ষাৎ

সাগর হোসেন, কুষ্টিয়া

প্রকাশিত: ২১:১৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৬; আপডেট: ২১:১৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান, বিএনপি প্রার্থীর সঙ্গে আমির হামজার সাক্ষাৎ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর পরাজিত বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি কার্যালয়ে যান মুফতি আমির হামজা। সেখানে তিনি জাকির হোসেন সরকারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মিষ্টিমুখ করান। দুই পক্ষের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মুফতি আমির হামজা বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এলাকার উন্নয়নই সবার মূল লক্ষ্য হওয়া উচিত। কুষ্টিয়া-৩ আসনের সার্বিক উন্নয়নে প্রকৌশলী জাকির হোসেন সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান নবনির্বাচিত এ সংসদ সদস্য।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ উভয় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, কুষ্টিয়া-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মুফতি আমির হামজা ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীকে পান ১ লাখ ২৬ হাজার ৯৩৯ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৮৪২ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২৩ হাজার ৫৬৯ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২২৯ জন। মোট ১৪২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রাজু

×