ছবি: জনকণ্ঠ
এই প্রথমবার রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় র্যাবের হেলিকপ্টার ব্যবহার করা হবে বলে জানিয়েছেন র্যাব-৭-এর কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহমান। বুধবার বিকেলে রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেছেন।
কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহমান বলেন, অন্যান্য জেলার মতো রাঙ্গামাটি পার্বত্য জেলাতেও যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়, সে লক্ষ্যে র্যাব কাজ করবে। তিনি বলেন, যে সব এলাকায় আমরা সরাসরি যেতে পারব, সেখানে পৌঁছানোর চেষ্টা করব; আর যেখানে সরাসরি যাওয়া যাবে না, সেখানে হেলিকপ্টার ব্যবহার করা হবে।
তিনি আরও বলেন, এ লক্ষ্যে আমাদের গোয়েন্দা ইউনিট ও পোশাকধারী র্যাব সদস্যরা কাজ করে যাচ্ছেন। এখানে আমাদের পেট্রোল টিম ২৪ ঘণ্টা মাঠে থাকবে। ভোটাররা যদি কোনো নিরাপত্তাজনিত সমস্যায় পড়েন বা ভোট দিতে কোনো বাধার সম্মুখীন হন, তাহলে সহযোগিতার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।
তিনি জানান, ভোটকেন্দ্রের বাইরে প্রচলিত নির্বাচনি আচরণবিধি মেনে আমরা দায়িত্ব পালন করব। আশা করছি, বৃহস্পতিবার একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।
শহীদ








