ছবি: দৈনিক জনকণ্ঠ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে খাগড়াছড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি পরিচালনা করা হচ্ছে।
র্যাব সূত্র জানায়, খাগড়াছড়ি জেলার মোট ২০৩টি ভোটকেন্দ্রকে নিরাপত্তা বলয়ের আওতায় রাখা হয়েছে। এ জন্য ৮টি টহল গাড়ি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। এই বিশেষ টহল কার্যক্রম আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
নির্বাচন ঘিরে নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি অব্যাহত রয়েছে।
পাশাপাশি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো সিভিল পোশাকে র্যাব সদস্যদের গোয়েন্দা নজরদারির আওতায় রাখা হয়েছে।
র্যাব-৭ জানায়, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে। ভোটাররা যাতে ভীতিমুক্ত পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
কোনো কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত দুষ্কৃতিকারীদের শনাক্ত করতে ড্রোন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
র্যাবের পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচন শান্তিপূর্ণ রাখতে বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-৭, চট্টগ্রামের পক্ষে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান।
এম.কে








