ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সিগমা

‘আলোকিত হাওড় নিশ্চিত  করতে ফুটবলে ভোট দিন’

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

প্রকাশিত: ২৩:৪৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬; আপডেট: ২৩:৫০, ৯ ফেব্রুয়ারি ২০২৬

‘আলোকিত হাওড় নিশ্চিত  করতে ফুটবলে ভোট দিন’

কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা সোমবার সন্ধ্যায় মিঠামইন উপজেলায় নির্বাচনী শোভাযাত্রা ও গণমিছিলে বক্তব্য রাখেন

নারী নেতৃত্বের শক্তিকে সামনে রেখে দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন সমাজকর্মী, গবেষক ও উদ্যোক্তা কাজী রেহা কবির সিগমা। তিনি আধুনিক চিন্তাধারা ও জনমুখী পরিকল্পনার মাধ্যমে নিজেকে পরিবর্তনের সম্ভাবনাময় মুখ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। এ জন্য তিনি এলাকার সার্বিক উন্নয়নকল্পে নিজেকে সম্পৃক্ত করতে শেকড়ের টানে ছুটে এসেছেন হাওড় অধ্যুষিত অষ্টগ্রামে। এবার স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আলোকিত হাওড় গড়ার প্রত্যয় নিয়ে কাজী রেহা কবির সিগমা ইটনা-মিঠামইন ও অষ্টগ্রাম নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। নির্বাচনী মাঠে তার ভিন্নধর্মী প্রচারণার চূড়ান্ত পর্যায়ে মাঠ কাঁপাচ্ছেন। শেষ সময়ে ভোটারদের কাছে তিনি পৌঁছে দোয়া ও সমর্থন কামনা করতে ব্যস্ত সময় পার করছেন। এতে  তিনি সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছেন। প্রার্থী হিসেবে কাজী রেহা কবির সিগমা সংসদীয় আসনের তিন উপজেলার প্রত্যন্ত গ্রাম-পাড়া-মহল্লা ও গ্রামীণ বাজার ঘুরে ঘুরে গণসংযোগ করছেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করাসহ আলোকিত হাওড় নিশ্চিতে দলমত নির্বিশেষে সাধারণ ভোটারদের ‘ফুটবল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
জানা গেছে, কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে কিশোরগঞ্জ-৪ এ কাজী রেহা কবির সিগমাই একমাত্র নারী স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে রবিবার সকাল থেকে রাত অবধি তিনি কিশোরগঞ্জের হাওড়াঞ্চল ইটনা ও মিঠামইন উপজেলায় নির্বাচনী শোভাযাত্রা, পথসভা ও গণমিছিলে অংশ নিয়েছেন। এ সময় তিনি উপজেলাদ্বয়ে পৃথক পথসভায় তার বিপুলসংখ্যক নারী-পুরুষ কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এ সময় স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা অভিযোগ করে গণমাধ্যমে বলেন, নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল থেকে তাকে নানাভাবে চাপ প্রয়োগ করছে। হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, ‘হাওড়ের সন্তান হিসেবে আমারও অধিকার আছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। এ জন্য কোন চাপের মুখে আমরা নতি স্বীকার করবো না।’ এ সময় মাদক-সন্ত্রাস ও এলাকার সাবিক উন্নয়ন নিশ্চিতে তার হাতকে শক্তিশালী করতে তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ‘ফুটবল’ মার্কায় ভোট প্রার্থনা করেন।

প্যানেল হু

×