ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের জনসমাবেশে মানুষের ঢল

নাসিরউদ্দিন উজ্জ্বল,  মুন্সীগঞ্জ  

প্রকাশিত: ২১:৩০, ৯ ফেব্রুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের জনসমাবেশে মানুষের ঢল

ছবি: জনকণ্ঠ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিউদ্দিনের বড় সমাবেশ করেছেন। সোমবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট চত্বর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।  

জনসভাস্থলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির থেকে সদ্য পদত্যাগ করা আতাউর হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিউদ্দিন।

বক্তব্যে তিনি বলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়ন নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ১২ তারিখে ভোটকেন্দ্রে গিয়ে ফুটবল প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দিন।

জনসভায় আরও উপস্থিত ছিলেন সাইদুর রহমান ফকির, মুজিবুর রহমান, কাজী আবু সুফিয়ান বিপ্লব, অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, সাবেক ভিপি শাহিন মিয়া, এনামুল হক ও মুহাম্মদ মাসুদ রানাসহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মীরা।

সমাবেশ শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। উপস্থিত জনতার সাড়া দেখে নির্বাচনী মাঠে ফুটবল প্রতীকের প্রার্থীর অবস্থান শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেন সমর্থকরা।

শহীদ

×