ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

শেরপুরে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

ইমামুল মিল্লাত, শেরপুর, বগুড়া

প্রকাশিত: ১৪:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুরে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

ছবি: দৈনিক জনকণ্ঠ।

বগুড়ার শেরপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির একটি অস্থায়ী নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার গাড়িদহ ইউনিয়নের কালসীমাটি গ্রামে এ ঘটনা ঘটে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন এবং শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, অস্থায়ী নির্বাচনী অফিসে থাকা একটি টেবিলের ওপর রাখা কাপড় এবং বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজের একটি ব্যানার আগুনে পুড়ে যায়।

গাড়িদহ ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মাহফুজার রহমান বলেন, নির্বাচনী প্রচারণা শেষে রাত আনুমানিক দুইটার দিকে তিনি বাড়ি ফিরে যান। সকালে উঠে অফিসে অগ্নিসংযোগের খবর পান। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই জামায়াতে ইসলামীর লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

গাড়িদহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মেহেদী হাসান শিপলু বলেন, শনিবার সন্ধ্যায় ওই এলাকায় হাজারো মানুষের উপস্থিতিতে বিএনপির প্রার্থী গোলাম মো. সিরাজের পথসভা অনুষ্ঠিত হয়। এতে আতঙ্ক সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে অফিসে আগুন দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন গাড়িদহ ইউনিয়ন জামায়াতের আমীর রুহুল আমিন। তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বরং নির্বাচনে নিজেদের অবস্থান দুর্বল দেখাতেই বিএনপি নিজেরাই অগ্নিসংযোগ করে তাদের ওপর দোষ চাপাচ্ছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী বলেন, ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.কে

×