ছবি: দৈনিক জনকণ্ঠ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি বলেছেন, দেশ একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। এই সময়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কোনো ধরনের আধিপত্যবাদ ছাত্রসমাজ মেনে নেবে না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্রজনতা রাজপথে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে রক্ত দিয়েছে, তাই রাষ্ট্র সংস্কারের এই সুযোগ কখনোই বৃথা যেতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, গঠনমূলক ও কল্যাণমূলক কাজের মাধ্যমেই ছাত্রশিবির ছাত্রসমাজের হৃদয়ে জায়গা করে নিয়েছে। অতীতের মতো আগামীতেও সকল প্রকার অন্যায়, অবিচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে ছাত্রশিবিরের আপসহীন সংগ্রাম অব্যাহত থাকবে। এই কাফেলাই একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনের জন্য ‘হ্যাঁ’-কে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, প্রতিষ্ঠার ৪৯ বছরে পদার্পণ করে ছাত্রশিবির আজ বাংলাদেশের ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। শত জুলুম ও নির্যাতনের মধ্য দিয়েও ধৈর্য, প্রজ্ঞা ও সাহসিকতার সঙ্গে এগিয়ে গিয়ে ছাত্রশিবির আজ এক অপরাজেয় সংগঠনে পরিণত হয়েছে। একটি সমৃদ্ধ, আদর্শিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে ছাত্রশিবির বদ্ধপরিকর।
বর্ণাঢ্য এই র্যালিতে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা পূর্বের সভাপতি জুবায়ের আহমেদ, জামায়াতের শেরপুর উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিধ নাসিম, সহকারী সেক্রেটারি শাহীন আলম, শিবিরের বগুড়া জেলা পূর্বের সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লব, প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রবিন, শেরপুর শহর সভাপতি রাফিউজ্জামান, সৈকত ইসলাম সবুজ, তানজিল সরকার প্রমুখ।
র্যালিতে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এসময় তারা সংগঠনের পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন।
এম.কে








