ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন

স্বতন্ত্র নারী প্রার্থী সিগমার নির্বাচনী প্রচারণায় বাধা-হেনস্তার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

প্রকাশিত: ১৩:২৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬; আপডেট: ১৩:২৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬

স্বতন্ত্র নারী প্রার্থী সিগমার নির্বাচনী প্রচারণায় বাধা-হেনস্তার অভিযোগ

ছবি: জনকণ্ঠ

কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার নির্বাচনী প্রচারণায় বাধা ও হেনস্তার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের শিবলা গ্রামে প্রচারণাকালে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, হাওড় অধ্যুষিত ইটনা-মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত এই আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার সঙ্গে থাকা নারী কর্মীদের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ এবং পুরুষ কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার দাবি করা হয়। 

এ বিষয়ে সিগমার নির্বাচনী টিমের জনসংযোগ ও মিডিয়া সমন্বয়ক ব্যারিস্টার আকিব জাভেদ হক গণমাধ্যমকে বলেন, প্রচারণাকালে স্থানীয় বিএনপির এক নেতার চাচা পরিচয়দানকারী মানজুরের নেতৃত্বে একদল ব্যক্তি প্রচারণায় বাধা দেন। এছাড়া প্রচারণাকালে নারী কর্মীদের সাথে কুরুচিপূর্ণ আচরণ ও পুরুষ কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ করেন তিনি। 

এদিকে এ ঘটনার পর কাজী রেহা কবির সিগমা উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে বলেন, প্রচারনাকালে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কারো কাম্য হতে পারে না। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তিনি ঘটনার প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ব্যাপারে কিশোরগঞ্জ-৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা গণমাধ্যমে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া সাপেক্ষে পরবর্তি প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

এ.এইচ

×