ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম রনির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পবিত্র শবে বরাতের রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির আরেক সদস্য মোহাম্মদ রাজন মিয়া কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়ির পারিবারিক মসজিদে এ দোয়ার আয়োজন করেন।
দোয়া মাহফিলে রাজন মিয়া বলেন, রনি তার আপন ভাইয়ের মতো ছিলেন। তাকে হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। মুসলমানদের জন্য একটি পবিত্র রাতের ফজিলত লাভের আশায় তিনি এ দোয়ার আয়োজন করেছেন বলে জানান।
তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা যেন রনির কবরের প্রশ্নগুলো সহজ করে দেন, তাকে জান্নাতের উত্তম মাকাম দান করেন এবং তার সব গুনাহ ক্ষমা করে দেন— এই কামনায় আমরা দোয়া করেছি।
এ সময় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়ও বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে নিহতের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।
এর আগে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার (২ ফেব্রুয়ারি) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আগুনে দগ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি রাত আনুমানিক পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন ইসলামনগর এলাকায় এক মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহান রায়হান পারিবারিক কলহের জেরে নিজের ঘরে অকটেন ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে রনিসহ কয়েকজন শিক্ষার্থী ও প্রতিবেশী মানবিক কারণে তাকে বাধা দিতে সেই ঘরে প্রবেশ করেন। তারা রায়হানকে শান্ত করার চেষ্টা করতেই তিনি লাইটার দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে রনিসহ সেখানে উপস্থিত রায়হান, রাহাত ও হাসিনুর নামের চারজন দগ্ধ হন।








