ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে খাগড়াছড়িতে সেনা রিজিয়নের প্রস্তুতি, প্রার্থীদের সঙ্গে বৈঠক

হাছানুল করিম, খাগড়াছড়ি

প্রকাশিত: ১৭:০৭, ৩ ফেব্রুয়ারি ২০২৬; আপডেট: ১৭:০৮, ৩ ফেব্রুয়ারি ২০২৬

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে খাগড়াছড়িতে সেনা রিজিয়নের প্রস্তুতি, প্রার্থীদের সঙ্গে বৈঠক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার করেছে সেনাবাহিনী। এ লক্ষ্যে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে সংসদীয় আসন খাগড়াছড়ি ২৯৮-এর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক। 

সভায় অংশ নেন বিএনপির ওয়াদুদ ভুইঁয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এয়াকুব আলী চৌধুরী, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশোপ্রু মারমা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাউছার (হাতপাখা), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নূর ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তফা, গণঅধিকার পরিষদের দীনময় রোয়াজা এবং স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা ও সমীরণ দেওয়ান।এই আসনের মোট ১১ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী জিরুনা ত্রিপুরা এই সভায় অনুপস্থিত ছিলেন। এছাড়া সভায় সেনা রিজিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নির্বিঘ্ন চলাচল এবং নির্বাচন প্রক্রিয়ায় সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাঠপর্যায়ে সেনা মোতায়েন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় রিজিয়ন কমান্ডার বলেন, নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং ভোটারদের নিরাপত্তা ও ভোটাধিকার সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের অগ্রাধিকার। তিনি সব প্রার্থীকে আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন এবং সহিংসতা, ভয়ভীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

তিনি আরও বলেন, নির্বাচন চলাকালে সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান বজায় রেখে দায়িত্ব পালন করবে। যেকোনো পরিস্থিতিতে ভোটাররা যাতে নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাঠে সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন।

বৈঠকে উপস্থিত প্রার্থীরা নির্বাচন ঘিরে বিদ্যমান বাস্তবতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। সেনা রিজিয়নের পক্ষ থেকে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বৈঠক নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের প্রস্তুতির অংশ, যা নির্বাচনের দিন মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখবে।

রাজু

×