ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

অফিসার্স ক্লাব ঢাকা’র উদ্যোগে ঢালিস আম্বারস নিবাস রিসোর্টে বর্ণাঢ্য বনভোজন অনুষ্ঠিত

সিরাজদিখান, মুন্সিগঞ্জ

প্রকাশিত: ১৯:০৩, ৩১ জানুয়ারি ২০২৬; আপডেট: ১৯:০৩, ৩১ জানুয়ারি ২০২৬

অফিসার্স ক্লাব ঢাকা’র উদ্যোগে ঢালিস আম্বারস নিবাস রিসোর্টে বর্ণাঢ্য বনভোজন অনুষ্ঠিত

ছবি: জনকণ্ঠ

রাজধানীর কোলাহল ও চার দেয়ালে বন্দি নগরজীবন থেকে সাময়িক মুক্তি এনে দিতে অফিসার্স ক্লাব ঢাকা’র উদ্যোগে আজ ঢালিস আম্বারস নিবাস রিসোর্ট, সিরাজদিখান, মুন্সিগঞ্জে এক দিনব্যাপী বর্ণাঢ্য বনভোজনের আয়োজন করা হয়। এই আয়োজনে প্রায় সাড়ে চার হাজার সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বহু জ্যেষ্ঠ ও উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতি বনভোজনকে করে তোলে আরও মর্যাদাপূর্ণ।

অনুষ্ঠানে ক্লাবের সেক্রেটারির মাধ্যমে শুভেচ্ছা পাঠিয়েছেন ক্লাব সভাপতি, মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ। 

আনন্দঘন পরিবেশে উপস্থিত ছিলেন ক্লাবের জ্যেষ্ঠ সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সচিব বৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এবং বিভিন্ন প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাগণ। 

ক্লাবের সেক্রেটারি সাবেক সচিব জনাব এ বি এম আবদুস সাত্তার উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন। 

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অফিসার্স ক্লাব ঢাকা’র ট্রেজারার এম. এ. খালেক, যিনি দক্ষতা ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে পুরো আয়োজনকে সুশৃঙ্খল ও প্রাণবন্ত করে তোলেন।

ছাড়াও নির্বাহী কমিটির একাধিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনের সৌন্দর্য ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সকালের শুরুতেই মনোরম ও প্রাকৃতিক পরিবেশে অতিথিদের জন্য পরিবেশন করা হয় নানাবিধ নাস্তা। ক্লাবের সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবার-পরিজন ও শিশুরাও এই বনভোজনে অংশগ্রহণ করেন, যা আয়োজনটিকে করে তোলে একটি পরিপূর্ণ পারিবারিক উৎসব। সকাল ১১টার মধ্যে নাস্তা পর্ব শেষ হলে শুরু হয় শীতকালীন বিশেষ আয়োজন ‘পিঠা উৎসব’। ভাপা, চিতই, পাটিসাপটাসহ নানা রকম ঐতিহ্যবাহী পিঠা, চা ও কফির পরিবেশনা অতিথিদের বিশেষভাবে আকৃষ্ট করে।

এরপর বেলা ১১টা থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান ও বিভিন্ন পরিবেশনায় পুরো রিসোর্ট এলাকা মুখরিত হয়ে ওঠে প্রাণবন্ত আনন্দে। 

দুপুরে অতিথিদের জন্য আয়োজন করা হয় বৈচিত্র্যময় ও সুস্বাদু খাবারের ভোজ। বিকেলের আগেই পরিবেশন করা হয় হালকা নাস্তা। দিনের বিভিন্ন সময়ে আয়োজন করা হয় র‍্যাফেল ড্র সহ নানা বিনোদনমূলক কর্মকাণ্ড, যা অংশগ্রহণকারীদের আনন্দ আরও বহুগুণে বাড়িয়ে দেয়।

ঢালিস আম্বারস নিবাস রিসোর্টের প্রাকৃতিক পরিবেশ এই বনভোজনকে দিয়েছে ভিন্ন মাত্রা। সবুজে ঘেরা বিশাল এলাকা, ছোট-বড় কৃত্রিম ঝর্ণা, পানির ফোয়ারা, সুইমিং পুল, শিশুদের জন্য খেলার মাঠ ও নানা রকম খেলনা সামগ্রী; সব মিলিয়ে রিসোর্টটি যেন এক স্বপ্নিল গ্রাম্য পরিবেশের আবেশ সৃষ্টি করে। চারপাশে গাছপালা, পাখির কলরব আর খোলা আকাশের নিচে শিশুদের অবাধে ছুটে বেড়ানোর দৃশ্য বনভোজনকে করে তোলে স্মরণীয় ও হৃদয়ছোঁয়া।

ইট-পাথরের শহুরে জীবনের ক্লান্তি ঝেড়ে প্রকৃতির সান্নিধ্যে একদিন কাটানোর এই আয়োজন অফিসার্স ক্লাব ঢাকা’র সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করেছে। আয়োজক কর্তৃপক্ষের মতে, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন সদস্যদের জন্য আনন্দ, মানসিক প্রশান্তি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ.এইচ

×