ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আদমদীঘিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

নিজস্ব সংবাদদাতা, আদমদীঘি, বগুড়া

প্রকাশিত: ২০:৩৪, ২৭ জানুয়ারি ২০২৬

আদমদীঘিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

ছবি: সংগৃহীত

বগুড়া  সদর উপজেলা এক গ্রামের শয়নঘর থেকে ফাত্তা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বড় জিনুইর গ্রামে। নিহত ফাত্তা বেগম ওই গ্রামের মোহাম্মদ মোমিনের স্ত্রী। জানা গেছে, সোমবার রাতে স্বামী মোমিনের সাথে স্ত্রী ফাত্তা বেগমের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ হয়।

মঙ্গলবার সকালে ফাত্তা বেগমের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। দীর্ঘ সময় ধরে সাড়া না পেয়ে ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং শয়নঘরের তীরের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফাত্তা বেগমের লাশ ঝুলতে দেখতে পায়।

পরে থানায় খবর দেওয়া হয়। খবর  পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পাড়া-প্রতিবেশিরা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। তাদের ধারণা সোমবার রাতের ঝগড়ার পর স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে একাই ঘরে অবস্থান করে ফাত্তা বেগম। অভিমান থেকে তিনি আত্মহত্যা করতে পারেন বলেও তাদের ধারণা।

তবে ঘটনা জানাজানি হওয়ার পর থেকে তার স্বামীকে কোথাও পাওয়া যায়নি। এবিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

শহীদ

×