খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে অন্তত পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে মহালছড়ি মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়।
নবাগতদের হাতে ফুল দিয়ে দলে স্বাগত জানান খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন মো. আব্দুল ছাত্তার মেম্বার।
অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আব্দুল মালেক মিন্টু ও অনিমেষ চাকমা রিংকুসহ অন্যান্য সাংগঠনিক নেতারা।
যোগদান উপলক্ষে ওয়াদুদ ভুঁইয়া বলেন, “গণতান্ত্রিক অধিকার নিশ্চিত ও ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপিই জনগণের কাছে বিকল্প শক্তি হিসেবে দাঁড়িয়েছে।” তিনি আরও জানান, নতুন যোগদানকারীরা ভবিষ্যতে গণতান্ত্রিক পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
যোগদানকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে উন্নয়ন স্থবির হয়ে আছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, রাজনৈতিক দমনপীড়ন ও গণতন্ত্র সংকুচিত হওয়ার কারণে তারা বিএনপির নীতি-আদর্শে আস্থাশীল হয়ে দলে যোগদান করেছেন।
অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায় এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নবাগতদের স্বাগত জানান।
রাজু








