ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী (প্যানেল স্পিকার) মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ অধিবেশনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ তালিকা ঘোষণা করেন।
সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে এই প্যানেল স্পিকারদের মধ্য থেকে নামের ক্রমানুসারে কেউ একজন অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।
মনোনীত সদস্যরা হলেন— মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (ঢাকা-৮), গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-২), ড. আব্দুল মঈন খান (নরসিংদী-১), মোহাম্মদ মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬) এবং এ টি এম আজহারুল ইসলাম (রংপুর-২)।
স্পিকার অধিবেশনে জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে সভাপতিমণ্ডলীর তালিকায় যাঁর নাম আগে থাকবে, তিনিই স্পিকারের আসনে বসে অধিবেশন পরিচালনা করবেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, জাতীয় সংসদের কার্যপ্রণালির অংশ হিসেবে প্রতিটি অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হয়। এর মাধ্যমে সংসদের কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনার সাংবিধানিক ব্যবস্থা নিশ্চিত করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের কার্যসূচিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং তাঁদের শপথ গ্রহণের পর সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়নের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।
Mily








