ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলনের ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়। পোস্টে বলা হয়, আওয়ামী লীগের সহযোগী হিসেবে উল্লেখ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে পদ থেকে অপসারণ করে আইনের মুখোমুখি করা না হলে কঠোর আন্দোলনে নামবে সংগঠনটি।
এর আগে একই দিন সকালে জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ৩০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হয়।
বিরতির পর নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দুপুর ১টার দিকে পুনরায় অধিবেশন শুরু হয়। বিকেল ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য স্পিকার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
তবে স্পিকারের আহ্বানের পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এ সময় তাদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’ এবং ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করে সংসদ কক্ষ ত্যাগ করেন।
এ ঘটনায় সংসদের ভেতর ও বাইরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
Mily








