ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু হচ্ছে 

এস এ শফি,সিলেট

প্রকাশিত: ১৭:৫৬, ১২ মার্চ ২০২৬

সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু হচ্ছে 

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট আবার চালুর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১লা জুলাই থেকে এই রুটে বিমানের ফ্লাইট চালু হবে বলে বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিমানের এ ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন নর্থ ইংল্যান্ডে বসবাসরত প্রবাসীরা।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, যাত্রীদের চাহিদা বিবেচনায় ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটটি হজ কার্যক্রম শেষে ১ জুলাই থেকে আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্লাইটের সময়সূচি এবং অন্যান্য তথ্য যথাসময়ে জানানো হবে।

তিনি জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে রুটটি পুনরায় চালুর প্রস্তুতি শুরু হয়েছে। এতে যুক্তরাজ্যে বসবাসরত সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক প্রবাসী যাত্রী সরাসরি ভ্রমণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটের সুনির্দিষ্ট সময়সূচি, সাপ্তাহিক ফ্রিকোয়েন্সি এবং টিকিট সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।

এ ফ্লাইট চালুর দাবিতে আন্দোলন করা যুক্তরাজ্য এনআরবি সোসাইটির পরিচালক জুনেদ আহমদ জানান, ফ্লাইটটি পুনরায় চালুর ঘোষণা আসায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, সবার সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। ফ্লাইটটি চালুর ফলে নর্থ ইংল্যান্ডের প্রবাসীদের দুর্ভোগ অনেকাংশে কমে যাবে বলে তিনি মন্তব্য করেন।

গত ১ মার্চ থেকে ঢাকা-ম্যানচেস্টার রুটের সরাসরি ফ্লাইটটি ‘স্থগিত’ রেখেছে বিমান বাংলাদেশ।

উল্লেখ্য, ফ্লাইট স্থগিতের ঘোষণা আসে গত জানুয়ারিতে। ঘোষণার পর যুক্তরাজ্যে বিক্ষোভ দেখান প্রবাসীরা। বিষয়টি নিয়ে আলোচনা হয় ব্রিটিশ পার্লামেন্টেও। এর পর গত ১৫ জানুয়ারি হাউস অব কমন্সে ব্রিটিশ এমপি পল ওয়া বলেন, তার সংসদীয় এলাকা রচডেলে, পুরো উত্তর-পশ্চিমাঞ্চল এবং স্কটল্যান্ড ও মিডল্যান্ডসের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি ম্যানচেস্টার থেকে সিলেটগামী বিমানের সরাসরি ফ্লাইটের ওপর নির্ভর করেন। কিন্তু হঠাৎ করেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেই রুট স্থগিত করার ঘোষণা দিয়েছে।

এছাড়া, গ্রেটার সিলেট ডেভেলপম্যান্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে এবং ইউকে এনআরবি সোসাইটিসহ আরো কয়েকটি সংগঠন ফ্লাইটটি পুনরায় চালু রাখতে সরকারের কাছে জোর দাবি জানান। সম্প্রতি সিলেট প্রেসক্লাব ও সিলেট জেলা আইনজীবী সমিতির ইফতার মাহফিলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট-ম্যানচেষ্টার ফ্লাইট বাতিল হয়নি, স্থগিত রয়েছে। এই রুটের ফ্লাইট পুনরায় চালুরও আশ্বাস দেন মন্ত্রী।

গত ৪ জানুয়ারি বিমানের পক্ষ থেকে প্রথম দফা ঘোষণায় ১ ফ্রেব্রুয়ারি থেকে এই ফ্লাইট স্থগিতের কথা জানানো হয়। এর দুদিন পরেই জানানো হয়, স্থগিতের সিদ্ধান্ত এক মাস পেছানো হয়েছে। অর্থাৎ ১ মার্চ থেকে বন্ধ হচ্ছে এই ফ্লাইট।

ফ্লাইট স্থগিতকরণের কারণ হিসেবে বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম পরিচালনা, উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিতে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা ফ্লাইট ১ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে।

তবে ম্যানচেস্টার ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তের তিনদিন পরেই (৭ জানুয়ারি) বিমানের পক্ষ থেকে ঢাকা-করাচি রুটে ফ্লাইট চালানোর ঘোষণা আসে। লাভজনক ম্যানচেস্টার রুট বন্ধ করার ঘোষণার দুদিন পরেই ঝুঁকিপূর্ণ করাচি রুট চালু করার ঘোষণায় যাত্রী ও সাধারণের মধ্যে প্রতিক্রিয়া হয়। যদিও ম্যানচেস্টারের জন্য দূরপাল্লার সুপরিসর উড়োজাহাজ প্রয়োজন হয়, আর করাচিতে স্বল্পপাল্লার।

২০১৯ সালের অক্টোবরে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু হয়। একমাত্র বিমানই এই রুটে সরাসরি ফ্লাইট চালায়।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে এই ফ্লাইট বন্ধের গুঞ্জনে যুক্তরাজ্যে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশীরা।

 

রাজু

×