ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

কুয়াকাটায় বিরল প্রজাতির মৃত কচ্ছপ উদ্ধার

আবুল হোসেন রাজু, কুয়াকাটা, পটুয়াখালী

প্রকাশিত: ১৭:২৪, ১২ মার্চ ২০২৬

কুয়াকাটায় বিরল প্রজাতির মৃত কচ্ছপ উদ্ধার

ছবি: দৈনিক জনকণ্ঠ।

কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে বিরল প্রজাতির একটি বিশাল আকৃতির মৃত কচ্ছপ। দীর্ঘদিন পর সৈকতে এমন বড় আকৃতির মৃত কচ্ছপ ভেসে আসায় স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশে হোটেল সি ভিউ সংলগ্ন এলাকায় কচ্ছপটির মৃতদেহ ভেসে আসে। পরে উপারা’র সদস্য আঃ জলিল এটি দেখতে পান।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন ‘উপারা’র সদস্য আঃ জলিল জানান, কচ্ছপটির ওজন আনুমানিক ৩০ থেকে ৩৫ কেজি হতে পারে। চলতি বছরে কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত কচ্ছপের মধ্যে এটি সবচেয়ে বড় এবং এ বছর এটিই প্রথম বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর সহ-সাংগঠনিক সম্পাদক কে এম বাচ্চু জানান, সৈকতে ভেসে আসা কচ্ছপটির বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া (অলিভ রিডলি)। এটি একটি পুরুষ কচ্ছপ এবং বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত।

তিনি বলেন, বঙ্গোপসাগর উপকূলের কুয়াকাটা এলাকায় বর্ষা মৌসুম শুরু হলেই প্রায়ই একের পর এক মৃত কচ্ছপ ভেসে আসার ঘটনা ঘটে। তবে কেন এই মৃত্যুর সংখ্যা বাড়ছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

পর্যবেক্ষণে দেখা গেছে, অনেক সময় এসব কচ্ছপের শরীর, পিঠ কিংবা লেজে আঘাতের চিহ্ন থাকে। আবার অনেক ক্ষেত্রে জেলেদের মাছ ধরার জালে প্যাঁচানো অবস্থায়ও কচ্ছপের মৃতদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের আঘাত বা জালে আটকা পড়ার কারণে এ ধরনের মৃত্যু ঘটতে পারে।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন ‘উপারা’র  সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, বারবার বিপন্ন প্রজাতির কচ্ছপের মৃতদেহ সৈকতে ভেসে আসা সামুদ্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। কচ্ছপ সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ ধরনের ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে দ্রুত বৈজ্ঞানিক গবেষণা ও পর্যবেক্ষণ প্রয়োজন।
কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক  বলেন, সৈকতে মৃত কচ্ছপ ভেসে আসার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কুয়াকাটা উপকূলীয় এলাকায় মাঝে মধ্যে বিপন্ন প্রজাতির সামুদ্রিক কচ্ছপ ভেসে আসার ঘটনা ঘটে। অনেক সময় জেলেদের জালে আটকা পড়া বা বিভিন্ন আঘাতের কারণে এসব কচ্ছপের মৃত্যু হতে পারে। বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা এটাকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করতেছি যাতে কোন দুর্গন্ধ না ছাড়া। 

এম.কে

×