মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১২, ৫ আশ্বিন ১৪১৯
রেলে সেবার মান উন্নয়নের আহ্বান বিজিএমইএর
অর্থনৈতিক রিপোর্টার॥ বিজিএমইএ নেতৃবৃন্দ বুধবার নতুন রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে রেল সেবার মান উন্নয়নের আহ্বান জানিয়েছেন।
সভাপতি সফিউল ইসলামের নেতৃত্বে বিজিএমইএর একটি প্রতিনিধি দল বুধবার রেলওয়ে মন্ত্রণালয়ের নব দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মুজিবুল হকের সঙ্গে তার রেলভনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। প্রতিনিধি দলের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএর দ্বিতীয় সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি (অর্থ) এস এম মান্নান (কচি), অতিরিক্ত সচিব (কাস্টমস) আজিজুর রহমান এবং অতিরিক্ত সচিব প্রকৌশলী শামসুল হক। সৌজন্য সাক্ষাতকালে বিজিএমইএ প্রতিনিধি দল তৈরি পোশাক শিল্পের স্বার্থে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে কিছু সুপারিশ পেশ করেন।
বিজিএমইএ প্রতিনিধি দল রেলপথ সেবার ব্যবস্থপনার উন্নয়ন, অধিক সংখ্যক কন্টেইনার আইসিডি কমলাপুরে প্রেরণের জন্য কন্টেইনার ট্রেনের ইঞ্জিন ও ক্যারিয়ার সংখ্যা বৃদ্ধি, অবকাঠামোর উন্নয়ন প্রভৃতির মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম রেলপথে জরুরি আমদানি-রফতানি পণ্যবাহী কন্টেইনার পরিবহনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রীকে অনুরোধ জানান। প্রতিনিধি দল সময় ও জ্বালানি সাশ্রয়ের জন্য নারায়ণগঞ্জ থেকে লাকসাম পর্যন্ত একটি কর্ড লাইন স্থাপনের বিষয়েও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
আলোচনাকালে প্রতিনিধি দল বলেন, রেলওয়ে মন্ত্রণালয় থেকে লিজ মূলে প্রদত্ত জায়গায় চট্টগ্রামের দক্ষিণ খুলশি এলাকায় নির্মিত হয়েছে বিজিএমইএ চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়, বিজিএমইএ ভবন। তারা বলেন, লিজের চুক্তির শর্ত মোতাবেক এই নবনির্মিত ভবনের ৬ষ্ঠ তলা বাংলাদেশে রেলওয়েকে হস্তান্তর করা হয়েছে। এই ৬ষ্ঠতলা যাতে বিআইএফটি এর চট্টগ্রাম শাখার জন্য ভাড়া দেয়া হয়, সে ব্যাপারে তারা মন্ত্রীকে অনুরোধ জানান।
প্রতিনিধির দল অফিসগামী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে সকালে জয়দেবপুর থেকে ছেড়ে আসা একতা ও যমুনা ট্রেন দুটির তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দেয়া এবং সন্ধ্যায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ব্রক্ষ্মপুত্র ও দ্রুতযান ট্রেন দুটির তেজগাঁওয়ে যাত্রাবিরতির ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রীকে অনুরোধ জানান। মন্ত্রী বিষয়গুলো বিবেচনার আশ্বাস দেন।

চুক্তি স্বাক্ষর
গ্রামীণফোন ও ফাইবার এ্যাট হোম সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে যার অধীনে গ্রামীণফোনের জন্য কানেকটিভিটি সেবা প্রদান ও রক্ষণাবেক্ষণ করবে ফাইবার এ্যাট হোম। গ্রামীণফোনের সিইও টোরে ইয়ানসেন এবং ফাইবার এ্যাট হোমের ম্যানেজিং ডিরেক্টর ময়নুল হক সিদ্দিকী এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় গ্রামীণফোনের সিটিও তানভীর মোহাম্মদ, সিসিএও মাহমুদ হোসাইন, ফাইবার এ্যাট হোমের সিএমও তুহিন ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি