রবিবার, ৬ মে ২০১২, ২৩ বৈশাখ ১৪১৯ 
ক্যাম্পাস সংবাদ
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে নতুন ভিসি
প্রফেসর জামিলুর রেজা চৌধুরী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য পদে যোগদান করেছেন। গত ২ মে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রফেসর জামিলুর রেজা চৌধুরী যোগদান করেন। তিনি সুদীর্ঘ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রফেসর জামিলুর রেজা চৌধুরী একাধারে একজন প্রখ্যাত শিক্ষাবিদ, প্রকৌশলী ও গবেষক। তিনি তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও কর্মরত ছিলেন। তিনি ওয়ার্ল্ড ব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশে-বিদেশে বিভিন্ন অবদানের জন্য সমাদৃত জামিলুর রেজা চৌধুরীর ৬৫টি গবেষণাপ্রবন্ধ রয়েছে। তিনি তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ শেলটেক পুরস্কার, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন স্বর্ণপদক, ড. রশিদ স্বর্ণপদক, রোটারি সিড এ্যাওয়ার্ড, লায়েন্স ইন্টারন্যাশনাল স্বর্ণপদকে ভূষিত হন।
প্রফেসর জামিলুর রেজা চৌধুরী ২০১০ সালে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। তিনিই একমাত্র বাংলাদেশী, যিনি একটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিষয়ের ওপর এধরনের ডিগ্রী পেয়েছেন। তিনি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির প্রেসিডেন্ট। উল্লেখ্য, প্রফেসর জামিলুর রেজা চৌধুরী এর আগে দীর্ঘ এক দশক ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
আইডিয়াল কমার্স কলেজের ক্যাম্পাস উদ্বোধন
ঢাকাস্থ ফার্মগেটে অবস্থিত আধুনিক সুযোগসুবিধাসমৃদ্ধ নবনির্মিত আইডিয়াল কমার্স কলেজের ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। গত ২৮ এপ্রিল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, জিপিএ-৫ প্রাপ্তদের গোল্ড মেডেল প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দিনব্যাপী অনুষ্ঠানের। কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. এমএ হালিম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় এমপি (ঢাকা-১১) আসাদুজ্জামান খান কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর মাহফুজা খানম, সারা ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম সিকদার, কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মুহাম্মদ ফরহাদ, গবর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকম-লী এবং বিপুলসংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
পুরস্কার পেল এসএসবিসিএল
গোল্ড ক্যাটাগরিতে ‘আর্ক অব ইউরোপ’ নামের আন্তর্জাতিক পুরস্কার পেল বাংলাদেশের স্টুডেন্ট কাউন্সিলিং ফার্ম এসএসবিসিএল। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সুমন তালুকদার গত ৩০ এপ্রিল জার্মানির ফ্রাঙ্কফুর্টের আন্তর্জাতিক কনভেনশন হলে এ পুরস্কার গ্রহণ করেন। ব্যবসায়িক জগতে উল্লেখযোগ্য অবদান, গুণগতমান, প্রযুক্তি ও অসাধারণ পেশাদারি দক্ষতা প্রদর্শনের জন্য ১৯৯৬ সাল থেকে শিক্ষা, পর্যটন, আইটি, মিডিয়া, ইভেন্ট ম্যানেজমেন্টসহ নানা ধরনের পণ্য ও সেবা উৎপাদনে নিয়োজিত এই কোম্পানিটিকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিআইডির সভাপতি জোস ই প্রিটো। পুরস্কার পাওয়া কোম্পানিগুলোর প্রশংসা করে জোস ই প্রিটো বলেন, ‘নেতৃত্ব, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতীক এ কোম্পানিগুলোর প্রত্যেকটিই ব্যবসা জগতের জন্য এক একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।’ পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় সুমন তালুকদার বলেন, ‘এই স্বীকৃতি আমাদেরকে গ্রাহক ও অংশীদারদের আরও মানসম্পন্ন সেবা প্রদানে উৎসাহিত করবে।’ তিনি আরও বলেন, ‘আমরা স্বল্পোন্নত ও উন্নত দেশগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে একটি প্রতিশ্রুতিশীল পৃথিবী গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। উল্লেখ্য, মাদ্রিদভিত্তিক প্রতিষ্ঠান বিআইডি (বিজনেস ইনসেনটিভ ডিরেকশন) প্রাথমিকভাবে ১শ’ প্রতিষ্ঠানকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছিল।
মোঃ সাইদুর রহমান
|