মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
বৃহস্পতিবার, ২ আগষ্ট ২০১২, ১৮ শ্রাবণ ১৪১৯
পাবনা চিনিকলে দুই কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ
কয়েকজনের আত্মহত্যার চেষ্টা
নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী, ১ আগস্ট ॥ পাবনা চিনিকলের পাম্প ড্রাইভার, ট্রাক্টর হেলপার, মালি, সর্টার, পুর্জি লেখক, ঈমাম, মোয়াজ্জেনসহ বিভিন্ন পদে ৭৮ জন লোক নিয়োগে ঘুষবাণিজ্য ফাঁস হয়েছে। বুধবার সকালে মিল কর্তৃপক্ষ নিয়োগপত্র ছাড়ার পর নিয়োগপ্রাপ্তি থেকে বঞ্চিত প্রার্থীদের কয়েকজন ট্যাবলেট খেয়ে ও বিষপানে আত্মহত্যার চেষ্টা করার পর প্রায় সোয়া ২ কোটি টাকা নিয়োগবাণিজ্যের তথ্য ফাঁস হয়ে যায়। নিয়োগপ্রাপ্তি থেকে বঞ্চিত প্রার্থী ও আত্মহত্যার চেষ্টাকারী মিরাজুল ইসলাম, আয়নাল, ইব্রাহীম ও তাদের পরিবারের সদস্যদের এবং মিলের শ্রমিক নেতাদের দেয়া অভিযোগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সম্প্রতি পাবনা চিনিকলে বিভিন্ন পদে ৭৮ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর মিল প্রশাসন সিবিএর শীর্ষস্থানীয় নেতাদের মাধ্যমে প্রতিটি পদের অনুকূলে প্রার্থীদের নিকট থেকে ২ লাখ থেকে ৩ লাখ টাকা করে গোপনে নেয়া হয় নিয়োগ নিশ্চিতকরণের জন্য। নেতাদের সঙ্গে প্রার্থীদের চুক্তি মোতাবেক সবকিছুই ঠিকঠাক চলছিল। প্রার্থীরা শুধু নিয়োগপত্র পেয়ে স্ব স্ব পদে যোগদানের অপেক্ষায় ছিলেন। এমনই অবস্থায় বুধবার সকালে মিল কর্তৃপক্ষ প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ছেড়ে দেন। নিয়োগপত্র ছাড়ার পর দাশুড়িয়ার দোকানদার নুরার ছেলে পাম্প ড্রাইভার প্রার্থী মিরাজুল ইসলাম, জোত গাজীর আয়নাল ও ইব্রাহীমসহ বেশ কয়েকজন প্রার্থী নিয়োগপত্র প্রাপ্তি থেকে বঞ্চিত হন। পরে তারা ঘুষ দেয়া টাকা ও চাকরির শোকে দিশেহারা হয়ে ট্যাবলেট খেয়ে ও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে তাদের ঈশ্বরদী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়।
এদিকে, প্রার্থীদের আত্মহত্যার চেষ্টা ও নিয়োগবাণিজ্য ফাঁস হওয়ার ঘটনায় ঈশ্বরদীর সচেতন মহল বিস্ময় প্রকাশ করেছে। নিয়োগবাণিজ্যের বিষয়ে জানতে চাওয়া হলে মিলের এমডি আব্দুস সালাম অভিযোগ অস্বীকার করে বলেন, কোন নিয়োগবাণিজ্য করিনি। ৭৮ জনের মধ্যে কোয়ালিফাইড না হওয়ায় ১৯ জনকে নিয়োগ দেয়া সম্ভব হয়নি।