মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
বৃহস্পতিবার, ২ আগষ্ট ২০১২, ১৮ শ্রাবণ ১৪১৯
মৌসুমী অপরাধী চক্র নিয়ে উদ্বিগ্ন আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ
সক্রিয় চাঁদাবাজ, অজ্ঞান-মলম পার্টি ও ছিনতাইকারী
শংকর কুমার দে ॥ মৌসুমী অপরাধী চক্রকে নিয়ে উদ্বিগ্ন আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষ। প্রতিবছরই ঈদ যতই ঘনিয়ে আসে ততই বেপরোয়া হয়ে ওঠে মৌসুমী অপরাধী চক্র। চাঁদাবাজ, ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি, পকেটমার, প্রতারক চক্র রাজধানীর বিভিন্ন পয়েন্টে তখন তৎপরতা শুরু করে। পুলিশ প্রশাসন থেকে এসব অপরাধী চক্রের বিরুদ্ধে সতর্ক ও সাবধান থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মেট্রোপলিটন, ডিআইজি, জেলা পুলিশ সুপারদের এসব অপরাধী চক্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রন করার নির্দেশ দেয়া হয়েছে। পুলিশের উচ্চ পর্যায় সূত্রে এ খবর জানা গেছে। রাজধানী ঢাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাস, অপহরণ, অজ্ঞান পার্টি, মলম পার্টি, প্রতারণা ও যানজটসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। রমজান শুরুর আগেই রাজধানী ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হলেও ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আরও বেশি সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। মার্কেটে ও শপিং মলে যে ধরনের অপরাধী চক্রের তৎপরতা বেশি থাকে সেই পরিস্থিতি অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করা হচ্ছে। ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সুপারিশ অনুযায়ী তাদের পক্ষ থেকে কমিউনিটি পুলিশ মোতায়েন করার উদ্যোগ নেয়া হয়েছে।
রাজধানী ঢাকার বিভিন্নস্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। রাতের রাজধানীতে ঘুরলেই দেখা যাবে আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনে চেকপোস্ট বসিয়ে তল্লাসির চিত্র। উন্নত প্রযুক্তির অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে এবারের রমজানের সময়ে যানবাহনে তল্লাসী করা হচ্ছে। এতে যানবাহনকে না থামিয়ে এবং তল্লাসি না করেই শুধুমাত্র উন্নত প্রযুক্তির অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে তল্লাসি করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন রাস্তায় এ ধরনের চেকপোস্ট বসানোর দৃশ্য এবারই প্রথম।
রাজধানীর ৪১ থানা এলাকায় টহল দিচ্ছে টহল পুলিশ দল। অজ্ঞান পার্টি, মলম পার্টির অপরাধী চক্র দমনে বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, লঞ্চ টার্মিনালসহ বিভিন্নস্থানে পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়াও অজ্ঞান পার্টি ও মলম পার্টির ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগরীর ৮ ডিভিশনের ডিসি, এডিসি, এসি ও ৪১ থানার পুলিশ কর্মকর্তাদের রাজধানীর আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য নির্দেশ দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দায়ী পুলিশ কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে হুঁশিয়ার করে দেয়া হয়েছে বলে জানা গেছে।
মহিলা চোর ও পকেটমার ধরার জন্য রাজধানীর বিভিন্ন মার্কেটে মহিলা পুলিশ নিয়োগ করা হয়েছে। সংঘবদ্ধ মহিলা চোর দল দোকানপাটে ভিড় জমিয়ে দোকানির ব্যস্ততার সুযোগ নিয়ে অলক্ষ্যে বিভিন্ন পণ্য নিয়ে যাতে কেটে না পড়তে পারে সেই জন্য মহিলা পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। মহিলা চোর ও পকেটমারের দল রমজান মাসে বিভিন্ন মার্কেটে ও শপিংমলে তাদের তৎপরতা বৃদ্ধি করে। সাদা পোষাকে থাকবে গোয়েন্দা সংস্থার সদস্যরা। রাজধানীর বিভিন্ন স্থানে বোরখা পার্টি নামানো হবে। বোরখা পার্টির সদস্যরা ছিনতাই প্রতিরোধ করে ছিনতাইকারী দলের সদস্যরা পাকড়াও করবে। রমজান মাসে রাজধানীতে যে ধরনের অপরাধ সংগঠিত হয়ে থাকে সে অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, অপরাধী চক্রের হাত থেকে নিষ্কন্টক থাকার ব্যাপারে বেশ কিছু পরামর্শ ও অনুরোধ জানানো হয়েছে। দ্রুতগতিতে গাড়ি চালাতে চালককে তাগিদ দেবেন না। চালক যাতে নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালায় সে দিকে লক্ষ্য রাখবেন।