মঙ্গলবার, ৩১ জুলাই ২০১২, ১৬ শ্রাবণ ১৪১৯ 
বরিশালে র্যাবের অভিযানকালে স্বেচ্ছাসেবকলীগ সদস্যের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ৩০ জুলাই ॥ র্যাবের অভিযানকালে বরিশালে এক স্বেচ্ছাসেবকলীগ সদস্য মারা গেছে। তাঁর নাম মোঃ শাহাবুদ্দিন খান সাবু (৫০)। বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ড কোস্টাল বরফকল এলাকার মৃত বারেক খানের পুত্র। তবে কিভাবে সে মারা গেছে তা পরিষ্কার নয়। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে নগরীর বাঁধ রোড কোস্টাল বরফকল এলাকায়। পরিবারের দাবি হৃদরোগে আক্রান্ত সাবুকে মারধর করায় সে মারা গেছে। র্যাব এ অভিযোগ অস্বীকার করেছে।
র্যাব-৮ এর ১নং কোম্পানির কমান্ডার মেজর রাশেদুল হাসান খান জানান, নগরীর রাজা বাহাদুর সড়কের গণপূর্ত বিভাগের পুকুর পাড়ের ফুটপাথ থেকে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ৩শ’ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম মনু (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে মনু জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা শাহাবুদ্দিন খান সাবুর কাছ থেকে সে ক্রয় করেছে। মনুর উদ্ধৃতি নিয়ে মেজর রাশেদ আরও জানান, সাবু নগরীতে পাইকারি ইয়াবা বিক্রেতা ও তার কাছে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে। সে অনুযায়ী র্যাব সদস্যরা কোস্টাল বরফকল এলাকায় সাবুর বাসায় অভিযান পরিচালনা করেন। র্যাবের তল্লাশি চলাকালে সাবুর স্ত্রী রাশিদা বেগম জানিয়েছেন, সাবু তার চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকের কাছে গিয়েছেন।
র্যাব সাবুর বাসায় তল্লাশি শেষে বের হওয়ার পথে জানতে পারে সাবু বাসার পাশের ভবনে আত্মগোপন করেছে। এ তথ্য অনুযায়ী কয়েকজন সাক্ষীকে নিয়ে র্যাব সদস্যরা ওই ভবনে অভিযান চালায়। সেখানে গিয়ে সাবুকে মেঝেতে পড়ে থাকতে দেখে। তখন সাবুকে দ্রুত হাসপাতালে নেয়ার জন্য বলে র্যাব। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা সাবুকে মৃত ঘোষণা করেন।
সাবুর বোন আলমতাজ বেগম অভিযোগ করে বলেন, র্যাবের একটি দল রাত ৮টায় তার ভাইয়ের বাসায় ইয়াবা বড়ি রয়েছে এমন অভিযোগে তল্লাশি চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সাবু বাসার পাশের ভবনে গিয়ে আশ্রয় নেয়। র্যাব সেখানে গিয়ে তাকে ঘিরে ফেলে। এ সময় ভবনে কাউকে উঠতে দেয়নি র্যাব সদস্যরা। পরবর্তীতে এক ঘণ্টা পর আমি সেখানে গিয়ে সাবুকে মেঝেতে পড়ে থাকতে দেখি।
|