মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
শনিবার, ২১ জুলাই ২০১২, ৬ শ্রাবণ ১৪১৯
ঘরে ঘরে কান্না মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে কক্সবাজারের ১০৮ ব্যক্তি নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার, ২০ জুলাই ॥ মালয়েশিয়া যাওয়ার জন্য নিজ ঘর থেকে বের হওয়া কক্সবাজারের ১০৮ ব্যক্তির খোঁজ মিলছে না বিগত আড়াই মাস ধরে। তারা আদৌ জীবিত, না মৃত তা নিশ্চিত নয় ওই সব পরিবারের সদস্যরা। চরম উৎকণ্ঠা ও চোখের জলে বুক ভাসাচ্ছে মা-বোন ও স্ত্রী সন্তানরা। অনাহারে অর্ধাহারে দিন কাটছে অনেকের। ভারোয়াখালী, রশিদনগর ও জোয়ারিয়ানালার ১৭ জনসহ জেলার বিভিন্ন স্থানের ১০৮ জন বাসিন্দা দালালের খপ্পরে পড়ে লোভনীয় আশ্বাসে মন দিয়ে বর্তমানে তাদের পরিবারগুলোতে শোচনীয় অবস্থা দেখা দিয়েছে। ও সব লোকজন মালয়েশিয়ায় পাড়ি জমাতে চেয়ে আড়াই মাসেও তাদের অবস্থান কোথায়, তা জানতে না পেরে অসহায়ত্ব বোধ করছে ওই পরিবারগুলো। মালয়েশিয়াগামী কেউ কোথাও আটক হয়েছে শুনলে সেখানে তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রয়েছে কি না দেখতে দৌড়ে যাচ্ছে ঐ সব পরিবারের সদস্যরা।
নিখোঁজ ব্যক্তিদের পরিবার সূত্র জানায়, কক্সবাজার সদর ভারোয়াখালী ইউনিয়নের সৌদি প্রবাসী নুরুল হক সওদাগরের স্ত্রী ভেলুয়া খাতুন ও পুত্র রেজাউল করিমসহ তাদের একটি সিন্ডিকেট কৌশলে বিভিন্ন এলাকার অসহায়, নিরীহ লোকজনকে মিথ্যে প্রলোভনে ফেলে সহজ উপায়ে সাগর পথে অল্প টাকায় মালয়েশিয়া পাঠানোর কথা বলে উদ্বুদ্ধ করে। তারা আরও জানায়, ভারোয়াখালী ও রশিদনগর ইউনিয়নের ১৭ জনসহ আদম পাচারকারী দলের নেতা টেকনাফের নুরু ও কাশেম দুই দালাল কক্সবাজারের বিভিন্ন এলাকার মোট ১০৮ জনকে ১০ মে তারিখে নিজ নিজ বাড়ি থেকে বের করে টেকনাফে জড়ো করে রেখেছিল। ১২ মে রাতে সেখান থেকে মাছ ধরার ট্রলার যোগে তাদের মালয়েশিয়ার উদ্দেশে প্রেরণ করে দালালরা। তখন থেকে এ পর্যন্ত ওইসব লোকজনের কোন খোঁজ মেলেনি। হতভাগ্য ব্যক্তিরা হচ্ছে, ঘোনাপাড়ার নুরুল আবছার, তার ভাইপো মোঃ ইউনুচ, রশিদনগরের নুরুল ইসলাম, বড় ধলির ছড়া গ্রামের সাইফুল ইসলাম, নুরুল আজিম, দেলওয়ার হোছন, ধলিরছড়া জেটি রাস্তার আমির হোছন, পশ্চিম বড় ধলির ছড়ার আবুল হোছন, লামারপাড়ার কামাল উদ্দিন, মোরাপাড়ার নুরু মিস্ত্রীসহ চকরিয়া, কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফের আরও অনেকে।